Advertisement
E-Paper

জল্পনার অবসান, আগামী আইপিএলে দিল্লি ক‍্যাপিটালসের প্রধান কোচ হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ‍্যায়

মঙ্গলবার সৌরভের দিল্লি ক‍্যাপিটালসের প্রধান কোচ হওয়ার কথা সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। হেমাঙ্গ বাদানির জায়গায় দায়িত্ব নিলেন সৌরভ।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ ১৩:৩০
Sourav Ganguly appointed as head coach of IPL franchise Delhi Capitals

সৌরভ গঙ্গোপাধ‍্যায়। —ফাইল চিত্র।

যা মনে করা হয়েছিল, সেটাই হল। আগামী মরশুমে আইপিএলে দিল্লি ক‍্যাপিটালসের দায়িত্ব নিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ‍্যায়।

মঙ্গলবার সৌরভের দিল্লি ক‍্যাপিটালসের প্রধান কোচ হওয়ার কথা সকরারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। হেমাঙ্গ বাদানির জায়গায় দায়িত্ব নিলেন সৌরভ।

দিল্লি ক‍্যাপিটালস একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছে, সৌরভ ২০২৭ আইপিএলে তাদের প্রধান কোচ হচ্ছেন। গত দু’বছর, অর্থাৎ, ২০২৫ এবং ২০২৬ সালে এই দায়িত্বে ছিলেন বাদানি।

জেএসডব্লিউ এবং জিএমআর-এর যৌথ মালিকানাধীন দিল্লি ক্যাপিটালস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভকে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচ হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেছে।

সৌরভ বলেছেন, “আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নিতে আমি দারুণ আগ্রহী। দিল্লি ক্যাপিটালস এমন একটি ফ্র্যাঞ্চাইজি যা আমার হৃদয়ের খুব কাছাকাছি, এবং বিগত বছরগুলোতে এদের সঙ্গে আমার সম্পর্ক খুবই মধুর। আমি মালিকপক্ষ, পরিচালনা পর্ষদ, সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সঙ্গে খুব ঘনিষ্ঠ ভাবে কাজ করেছি, যা এই দায়িত্বটাকে আমার কাছে আরও রোমাঞ্চকর করে তুলেছে। আমাদের একটা দারুণ দল রয়েছে এবং বিগত দিনে আমরা অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছি। আমি দলের সঙ্গে কাজ করার, নতুন মরশুমের অভিজ্ঞতা নেওয়ার এবং একটা শক্তিশালী দল গড়ে তোলার জন্য উন্মুখ হয়ে আছি।”

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সৌরভের পথচলা শুরু হয়েছিল ২০১৯ সালে, যখন তিনি ফ্র্যাঞ্চাইজিটিতে উপদেষ্টা হিসেবে যোগ দেন। বেশ কয়েক বছর ধরে তিনি ক্যাপিটালস পরিবারের ছেলে ও মেয়ে দুই দলেরই 'ডিরেক্টর অব ক্রিকেট'-সহ একাধিক নেতৃত্বস্থানীয় দায়িত্ব সামলেছেন।

সৌরভের নিয়োগ প্রসঙ্গে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান ও সহ-মালিক এবং জেএসডব্লিউ স্পোর্টসের প্রতিষ্ঠাতা পার্থ জিন্দাল বলেন, “দাদা বরাবরই দিল্লি ক্যাপিটালস পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ। ভারতের অন্যতম সেরা অধিনায়ক ও প্রশাসক আমাদের প্রধান কোচের দায়িত্ব নিয়ে কোচিং জগতে পা রাখছেন— এটি ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত বোধ করছি। তাঁকে এই দায়িত্বে দেখতে পাওয়ার জন্য আমি অপেক্ষা করছি এবং আমি নিশ্চিত যে তাঁর দিকনির্দেশনা ও দূরদর্শী নেতৃত্বে দিল্লি ক্যাপিটালস আইপিএল ট্রফি জয়ের লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে উঠবে। আমাদের সকল ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা দাদার কাছ থেকে শেখার সুযোগ পাবেন।”

দিল্লি ক্যাপিটালসের সহ-মালিক এবং জিএমআর স্পোর্টসের প্রতিষ্ঠাতা কিরণ কুমার গ্রান্ধি বলেন, “বছরের পর বছর ধরে দিল্লি ক্যাপিটালসের পথচলায় দাদা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আমাদের ক্রিকেটীয় কাঠামোকে শক্তিশালী করতে সাহায্য করেছেন। ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে তাঁর গভীর উপলব্ধি, সেই সঙ্গে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব আগামী দিনে আমাদের এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত মূল্যবান হবে। তাঁকে প্রধান কোচের দায়িত্বে পেয়ে আমরা আনন্দিত এবং আশা করি তিনি তাঁর ভাবনা ও ক্রিকেটীয় দক্ষতা দলকে সমৃদ্ধ করতে কাজে লাগাবেন। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে এই নতুন ও রোমাঞ্চকর অধ্যায় শুরু করার জন্য আমরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই।”

Sourav Ganguly IPL Delhi Capitals

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy