পরের বছর এক দিনের বিশ্বকাপ। বৃহস্পতিবার তার গ্রুপবিন্যাস এবং সূচি প্রকাশিত হয়েছে। এক বছর আগেই বিশ্বকাপে ভারত কোন ১১ জনকে নিয়ে মাঠে নামবে তা চূড়ান্ত করে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রচারকারী সংস্থার কথা বলতে গিয়ে সেই ১১ জনের নাম জানিয়েছেন তিনি।
সৌরভকে প্রথম পাঁচ ক্রিকেটারের নাম বাছতে গিয়ে সমস্যায় পড়তে হয়নি। ওপেন করবেন রোহিত শর্মা এবং শুভমন গিল। তিনে নামবেন বিরাট কোহলি। চারে শ্রেয়স আয়ার এবং পাঁচে কেএল রাহুল নামবেন।
সৌরভ ছয়ে রেখেছেন হার্দিক পাণ্ড্যকে। তাঁর মতে, ভারতের ট্রফি জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন হার্দিক। সাউথ আফ্রিকার পরিবেশে হার্দিকের ব্যাটিং এবং বোলিং দুই-ই কাজে লাগতে পারে বলে মনে করেন সৌরভ।
সাত নম্বরে আরও একটি ব্যাটিং বিকল্প রাখতে চান সৌরভ। তাঁর মতে, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে কোনও একজনকে বেছে নিতে হবে পরিবেশের কথা মাথায় রেখে। আটে সৌরভ রেখেছেন অক্ষর পটেলকে।
এর পর থাকছে বোলিং বিভাগ। সৌরভ বেছে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজকে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দুই ম্যাচে ৬ উইকেট নিলেও কুলদীপ যাদবকে প্রথম একাদশের বাইরে রেখেছেন সৌরভ। সম্ভবত সাউথ আফ্রিকার বাউন্সি পিচের কথা মাথায় রেখেই।
আরও পড়ুন:
হার্দিককে নেওয়ার কারণ হিসাবে সৌরভ বলেন, “আমার মনে হয় ভারতীয় দলে ভারসাম্যের নিরিখে হার্দিকের থাকা দরকার। গৌতম গম্ভীর এবং দলের সামনে চ্যালেঞ্জ হল ওকে ফিট করে খেলানো। মনে হয় না খুব বেশি ক্রিকেট খেলে এখন। তবে দলে ভারসাম্যের ক্ষেত্রে ওর থাকা দরকার। হার্দিকের চোট থাকলে সবচেয়ে ভাল বিকল্প নীতীশ রেড্ডি। কিন্তু নীতীশকে বিকল্প হিসাবে ভাবলে বিশ্বকাপের আগে ওকে যথেষ্ট সংখ্যক ম্যাচে খেলাতে হবে। জাডেজাও একটা বিকল্প। সাত নম্বরে অসাধারণ ব্যাট করতে পারে।”
সৌরভের সংযোজন, “সাউথ আফ্রিকার পিচে একজন পেসার-অলরাউন্ডার থাকা দরকার। কারণ প্রথম পাঁচ ক্রিকেটারের কেউ বল করে না। তাই কোথাও থেকে পঞ্চম বা ষষ্ঠ বোলিং বিকল্প রাখতেই হবে। তার জন্য সঠিক ক্রিকেটার খুঁজে বার করতে হবে ভারতকে।”