শনিবার এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ম্যাচের পর এশীয় ক্রিকেট সংস্থার (এসিসি) চেয়ারম্যান মহসিন নকভি বিজয়ী ক্রিকেটারদের পদক দিতে পারেন বলে জল্পনা হয়েছিল। তা হচ্ছে না। শুক্রবার আসল কারণ প্রকাশ্যে এসেছে।
এসিসি-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগে থেকেই নির্ধারিত কাজ থাকায় ফাইনালে হাজির থাকতে পারছেন না নকভি। এসিসি লিখেছে, “পূর্বনির্ধারিত কাজ থাকায় এশিয়ান গেমসের ফাইনালে নকভি হাজির থাকতে পারবেন না। সোনা এবং ব্রোঞ্জের ম্যাচ অংশ নিতে চলা চারটে দলকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি।”
পরে নকভি নিজেও একটি বার্তা দেন। লেখেন, “সোনা এবং ব্রোঞ্জ পদকের ম্যাচে সকল অংশগ্রহণকারীদের জন্য শুভেচ্ছা। কিছু কাজের জন্য আমি নাগোয়ায় থাকতে পারব না। তবে উত্তেজক ম্যাচ দেখার অপেক্ষায় থাকব।”
উল্লেখ্য, গত বছর এশিয়া কাপ জেতার পর নকভির হাত থেকে পুরস্কার নিতে চায়নি ভারতীয় দল। এ বছরও কিছু দিন আগে মহিলা দল এশিয়া কাপ জেতে। সেখানেও একই জিনিস হয়েছে। যদিও ভারতীয় দল আগেই জানিয়ে দিয়েছিল যে তারা নকভির থেকে পুরস্কার নিতে রাজি নয়। নকভি রাজিও হয়েছিলেন বলে খবর।
এশিয়া কাপ ফাইনালে রাজীব শুক্লের সঙ্গে মাঠে ছিলেন বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া। খেলা শেষে নিজেদের সিদ্ধান্ত নকভিকে জানিয়ে দিয়েছিলেন তাঁরা। দেশে ফিরে সংবাদসংস্থা পিটিআই-কে শুক্ল বলেছিলেন, “আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম। ঠিক করেছিলাম, ওঁর (নকভি) হাত থেকে ট্রফি নেব না। এটা আমাদের মিলিত সিদ্ধান্ত ছিল। ওঁকে সবটা জানিয়েও দিয়েছিলাম।”
আরও পড়ুন:
-
সামনে ব্রাজ়িল, তবু ভয়ডরহীন ভারত, চাপ নিয়েও ফুটবলারদের সেরাটা দিতে বললেন কোচ খালিদ, শান্ত থাকতে চান আনোয়ার
-
৪৪ বছর পর সোনা ভারতের মহিলা হকি দলের, এশিয়ান গেমসে চিনকে হারিয়ে ইতিহাস দীপিকা, লালরেমসিয়ামিদের
-
শনিবার যুবভারতীতে ‘ঘরের মাঠে’ খেলবে ব্রাজ়িল, জানালেন অধিনায়ক মার্কুইনহোস, মুখে গুরপ্রীতের কথাও, অতীত নিয়ে ভাবতে চান না
শুনে কী বলেছিলেন নকভি? শুক্ল জানিয়েছিলেন, ভারতের সিদ্ধান্ত শুনে কোনও প্রতিবাদ নকভি করেননি। যেন তিনি আগে থেকেই জানতেন, এমন কিছু একটা হবে। ভারতের অবস্থান শোনার পরেও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। বাকিদের পুরস্কার দিয়ে মঞ্চ ছাড়েন।