গলে প্রথম টেস্টে ভারতের কাছে ১৬৫ রানে হেরে চাপে শ্রীলঙ্কা। টেস্ট সিরিজ়ে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পরই দুঃসংবাদ ধনঞ্জয় ডি সিলভার শিবিরে। চোটের জন্য কলম্বোর দ্বিতীয় টেস্টে তিন জন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাবেন না আয়োজকেরা।
মঙ্গলবার বাউন্ডারি বাঁচাতে গিয়ে ঘাড়ে এবং ডান কাঁধে চোট পান দীনেশ চণ্ডীমল। মাঠে প্রাথমিক শুশ্রূষার পরও অস্বস্তি হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। গল টেস্টের বাকি সময় আর খেলতে পারেননি তিনি। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসাবে নামানো হয় পাসিন্দু সুরিয়াবন্দরাকে। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না চণ্ডীমল। টেস্টে শ্রীলঙ্কার হয়ে গুরুত্বপূর্ণ তিন নম্বরে ব্যাট করেন তিনি।
শ্রীলঙ্কা কলম্বোয় পাবে না আরও দুই ক্রিকেটারকে। তাঁরা হলেন পাথুম নিশঙ্ক এবং কুশল মেন্ডিস। তাঁরা দু’জনে অবশ্য প্রথম টেস্টেও খেলতে পারেননি চোটের জন্য। নিশঙ্কও শ্রীলঙ্কার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার। কব্জির চোটে ভুগছেন তিনি। আশা করা হয়েছিল, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন ওপেনিং ব্যাটার। কিন্তু তাঁর চোট এখনও সম্পূর্ণ সারেনি।
আরও পড়ুন:
আর এক অভিজ্ঞ ব্যাটার মেন্ডিসকেও পাবে না শ্রীলঙ্কা। লঙ্কা প্রিমিয়ার লিগের শুরুতে হ্যামস্ট্রিংয়ে চোট পান। তার পর থেকেই মাঠের বাইরে মেন্ডিস। বুধবার শ্রীলঙ্কার কোচ গ্যারি কার্স্টেন জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও মেন্ডিসের খেলার সম্ভাবনা নেই। অর্থাৎ টেস্ট দলের নিয়মিত তিন ব্যাটারকে ছাড়াই শুভমন গিলদের বিরুদ্ধে সমতা ফেরানোর লড়াইয়ে নামতে হবে ধনঞ্জয়দের।