বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে দীর্ঘ দিন ভারতের হয়ে খেলেছেন সূর্যকুমার যাদব। খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গেও। এক দলে না খেললেও এবি ডিভিলিয়ার্সের ব্যাটিংও দেখেছেন কাছ থেকে। তা-ও অন্য এক ক্রিকেটারের ব্যাটিংয়ের ভক্ত ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ী অধিনায়ক।
একটি সাক্ষাৎকারে সূর্যকুমারকে প্রশ্ন করা হয়, অন্য কোনও ব্যাটারের একটি দক্ষতার কথা বলুন, যেটা আপনার থাকলে খুশি হতেন। উত্তরে সূর্যকুমার বলেছেন, ‘‘আমি একটা বাচ্চা ছেলের কথা বলব। আপনি নিশ্চই বৈভব সূর্যবংশীর কথা শুনেছেন। ওর মতো ছয় মারার দক্ষতা আমার থাকলে ভাল হত।’’ সূর্যকুমার ছয় মারার দক্ষতার ক্ষেত্রে কোহলি, রোহিত, ধোনি এবং ডিভিলিয়ার্সের থেকেও এগিয়ে রাখছেন বৈভবকে। যদিও তিনি নিজে মাঠের সব দিকে অনায়াসে বড় শট মারতে পারেন। সূর্যকুমারের বেশ কিছু ছক্কা ক্রিকেট বিশেষজ্ঞদেরও বিস্মিত করেছে।
সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতো সূর্যকুমারও এখন বৈভবের ভক্ত হয়ে উঠেছেন। গত আইপিএলে বৈভব ১৬টি ম্যাচে ৭৭৬ রান করে। কমলা টুপি জেতে। ১৫ বছরের ব্যাটারের স্ট্রাইক রেট ছিল ২৩৭.৩১। গত আইপিএলে ৭২টি ছয় মেরেছিল বৈভব। আইপিএলের ইতিহাসে কোনও এক বারের প্রতিযোগিতায় এতগুলি ছক্কা আর কোনও ব্যাটার মারতে পারেননি। ২০২৫ সালের আইপিএলে কমলা টুপি পেয়েছিলেন সূর্যকুমার। গত আইপিএলে অবশ্য চেনা ফর্মে পাওয়া যায়নি তাঁকে। ১২টি ইনিংসে ২৭০ রান করেন।
দীর্ঘ দিন ফর্মে না থাকায় ভারতীয় দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলার সুযোগ পাননি। শেষ ম্যাচটি অধিনায়ক হিসাবে খেলেছেন। আইপিএলে সাফল্যের পর ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছে বৈভব।