এখনও টি-টোয়েন্টি সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউ জ়িল্যান্ডকে তাদের মাটিতেই চুনকামের লক্ষ্যে ভারতীয় দল। তিনি সেই দলেও নেই। কিন্তু হঠাৎই অকল্যান্ডে ভারতের টি-টোয়েন্টি দলের অনুশীলনে গিয়ে হাজির হলেন শুভমন গিল। সেখানে গিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা গেল ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ককে।
বৃহস্পতিবার অকল্যান্ডে ভারতীয় দলের অনুশীলনে শুভমনের সঙ্গে হাজির ছিলেন লোকেশ রাহুলও। সেখানেই শুভমনের মুখে দেখা যায় এক বিশেষ যন্ত্র। চোখের ঠিক পাশে লাগানো ছিল সেটি। একটি ছোট চিপের মতো দেখতে। তার নাম ‘টেম্পল’। দীপেন্দ্র গয়ালের তৈরি এই যন্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এর মাধ্যমে মস্তিষ্কে রক্তসঞ্চালন, স্নায়ুর প্রতিক্রিয়া মাপা যায়। এর আগে রিস্টব্যান্ড, ঘড়ি বা আংটির মতো যন্ত্রের মাধ্যমে শরীরের অভ্যন্তরের নানা বিষয়ের পরিমাপ করতে দেখা গিয়েছে খেলোয়াড়দের। এই যন্ত্র নতুন।
এর আগে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুকে এই ‘টেম্পল’ যন্ত্র পরতে দেখা গিয়েছিল। এখনও বাজারে এই যন্ত্র আসেনি। পরীক্ষামূলক ব্যবহার চলছে। শুভমনকেও তা পরতে দেখা গেল।
আরও পড়ুন:
ভারতের অনুশীলনে যোগ দিয়ে প্রথমে কোচ গম্ভীরের সঙ্গে অনেক ক্ষণ কথা বলতে দেখা যায় শুভমনকে। ৪ নভেম্বর থেকে শুরু এক দিনের সিরিজ়। ইতিমধ্যেই রোহিত শর্মা নিউ জ়িল্যান্ডে পৌঁছে গিয়েছেন। বিরাট কোহলিও তাড়াতাড়িই যোগ দেবেন। সেই সিরিজ়ের পরিকল্পনাই হয়তো সারছিলেন অধিনায়ক-কোচ।
পরে নেটে বেশ কিছু ক্ষণ ব্যাটও করেন শুভমন। ‘রেভস্পোর্টজ়’ জানিয়েছে, যত ক্ষণ ব্যাট করছিলেন, তত ক্ষণ ওই ‘টেম্পল’ যন্ত্র পরেছিলেন তিনি। তবে কেন এই যন্ত্র পরে তিনি অনুশীলন করছেন, সেই বিষয়ে প্রকাশ্যে কিছুই জানাননি ভারতের টেস্ট ও এক দিনের দলের অধিনায়ক।