আগামী বছরের এক দিনের বিশ্বকাপের পরিকল্পনা শুরু করে দিয়েছেন অজিত আগরকরেরা। জাতীয় নির্বাচকদের নজর দলের মিডল অর্ডারের দিকে। সেই পরিকল্পনায় অন্যতম গুরুত্বপূর্ণ তিলক বর্মা। তাঁকে স্পিন বোলিংয়ে উন্নতি করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশ্বকাপে শুভমন গিলের দলের ব্যাটিং অর্ডারের প্রথম ছ’টি জায়গা নিয়ে ঝুঁকি নিতে চান না জাতীয় নির্বাচকেরা। কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা করা হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রেয়স আয়ারের বিকল্প খুঁজছেন নির্বাচকেরা। উঠে এসেছে তিলকের নাম। হায়দরাবাদের ২৩ বছরের ক্রিকেটার বাঁ হাতে ব্যাট করেন। বাড়তি পাওনা হতে পারে তাঁর অফ স্পিন। গম্ভীর, আগরকরেরা মনে করছেন, কার্যকর স্পিনার হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে তিলকের মধ্যে। প্রথম একাদশে তিলককে রাখা গেলে ব্যাটিংয়ের বৈচিত্র্য বৃদ্ধি পাবে এবং বোলিংয়ের গভীরতাও বাড়বে। উল্লেখ্য, শ্রেয়স এক দিনের দলের সহ-অধিনায়ক। তবু বিশ্বকাপের প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়া কঠিন হতে পারে।
আগামী অক্টোবরে নিউ জ়িল্যান্ডের সঙ্গে এক দিনের সিরিজ় রয়েছে ভারতের। তার আগে সেপ্টেম্বরে ঘরের মাঠে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়। আবার পুরো শক্তির টি-টোয়েন্টি দল যাওয়ার কথা রয়েছে এশিয়ান গেমসে। তাই সব ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া কঠিন। এই সময়েই পরীক্ষা-নিরীক্ষা সেরে নিতে চাইছেন আগরকরেরা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা বলেছেন, ‘‘কোচ গম্ভীর এবং অধিনায়ক শুভমন মনে করছেন মিডল অর্ডারের বিকল্প ক্রিকেটারের অভাব রয়েছে। হার্দিক পাণ্ড্য এবং নীতীশ কুমার রেড্ডির চোট প্রবণতা তাঁদের চিন্তায় রেখেছে। ওরা এমন একজনকে মূল ব্যাটিং অর্ডারে রাখতে চায়, যে চার-পাঁচ ওভার বল করতে পারবে।’’
ব্যাটিং অলরাউন্ডারের তালিকায় অক্ষর পটেল বা ওয়াশিংটন সুন্দরকে রাখা হচ্ছে না। তাঁদের সাত বা আট নম্বর জায়গার জন্য ভাবা হচ্ছে। গত ইংল্যান্ড সফরে শ্রেয়সের আগে পাঁচ নম্বরে ব্যাট করানো হয়েছে উইকেটরক্ষক ঈশান কিশনকে। গম্ভীর আবার সাত নম্বর পর্যন্ত ডান হাতি-বাঁ হাতি ব্যাটারের ভারসাম্য চান। বোর্ডের ওই কর্তা বলেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার পরিবেশ, পিচের কথা মাথায় রেখে দল গঠনের পরিকল্পনা করা হয়েছে। অস্ট্রেলিয়ায় শ্রেয়স চোট পাওয়ায় কিছুটা সমস্যা হয়েছিল। দলে বিরাটচ কোহলি এবং রোহিত শর্মা রয়েছে। দু’জনেরই বয়স হয়েছে। ওদেরও ছোট খাট কিছু চোট রয়েছে। বিশ্বকাপের সময় লোকেশ রাহুলের বয়সও ৩৫ ছাড়িয়ে যাবে। রবীন্দ্র জাডেজাও ক্রিকেটজীবনের শেষ দিকে। ফিল্ডিংয়ের মান বজায় রাখার জন্য ফিটনেস নিয়ে কোনও সমঝোতা করা হবে না। তাই কম বয়সের বিকল্প ক্রিকেটারের কথা ভাবা হচ্ছে।’’
আরও পড়ুন:
রুতুরাজ গায়কোয়াড়ও রয়েছেন ভাবনায়। তাঁকে ভাবা হচ্ছে বিকল্প ওপেনার হিসাবে। শুভমন চোট পাওয়ার সময় কয়েকটি ম্যাচে তাঁকে দিয়ে ইনিংস শুরু করানো হয়। তবে শুরুতে পাডিক্কল বেশি কার্যকর হবে বলে মনে করছেন গম্ভীর, আগরকরেরা। শ্রীলঙ্কায় দু’টি টেস্টেই শতরান করা দেবদত্ত পাডিক্কলকে এখনই এক দিনের ক্রিকেটের জন্য ভাবা হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজ়ে শ্রেয়স, তিলক, ঈশান এবং অক্ষর থাকবেন না। ৫০ ওভারের ক্রিকেট উপযোগী এক জন উইকেটরক্ষকের খোঁজেও রয়েছেন গম্ভীরেরা।