আইএসএলের আগে মাঝমাঠের শক্তি বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। জাতীয় দলের আক্রমণাত্মক মিডফিল্ডার রেনিয়ার রেমন্ড ফার্নান্ডেজকে এক বছরের চুক্তিতে দলে নিল লাল-হলুদ শিবির। গত ডুরান্ড কাপে জামশেদপুর এফসির হয়ে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ফার্নান্ডেজের সঙ্গে চুক্তির কথা রবিবার সরকারি ভাবে জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ।
মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ফার্নান্ডেজের সঙ্গে ডুরান্ড কাপের সময়ই যোগাযোগ করেন ইস্টবেঙ্গল কর্তারা। মূলত মাঝমাঠের ফুটবলার হলেও ৩০ বছরের ফার্নান্ডেজ গোলও করতে পারেন। মোহনবাগান, জামশেদপুর এফসি ছাড়াও মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি, এফসি গোয়ার মতো ক্লাবের হয়ে আইএসএস খেলার অভিজ্ঞতা রয়েছে মুম্বইয়ের ফুটবলারের। খেলেছেন ভারতের হয়েও।
আরও পড়ুন:
আইএলএল শিল্ড, আইএসএল কাপ এবং এআইএফএফ সুপার কাপজয়ী দলের সদস্য ছিলেন ফার্নান্ডেজ। আইএসএলে ১২৫টি ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। এ ছাড়া মোহনবাগানের হয়ে আই লিগের ১৯টি ম্যাচ খেলেছেন তিনি। ফার্নান্ডেজ যোগ দেওয়ায় ইস্টবেঙ্গলের মাঝমাঠের সঙ্গে আক্রমণ ভাগের বোঝাপড়া আরও ভাল হবে বলে মনে করা হচ্ছে।