সোমবার এশিয়ান গেমসে নিজেদের অভিযান শুরু করছে ভারতের পুরুষদের দল। কোয়ার্টার ফাইনালে সরাসরি খেলতে নামবে তারা। প্রতিপক্ষ আফগানিস্তান। সেই ম্যাচে ভারতের প্রথম একাদশে কারা খেলবেন? খতিয়ে দেখল আনন্দবাজার ডট কম।
আফগানিস্তান সিরিজ়ে তিনটি ম্য়াচেই খেলেছিলেন জসপ্রীত বুমরাহ। জাপানের বিরুদ্ধে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। আফগানিস্তানের বিরুদ্ধে আবার ভারতের প্রথম একাদশে দেখা যেতে পারে তাঁকে।
আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্য়াচে খেলেছিলেন যশ ঠাকুর। জাপান ম্যাচেও ছিলেন তিনি। কিন্তু এক ওভারও বল করেননি। তাঁর বদলে আবার বুমরাহকে নেওয়া হতে পারে।
প্রথম একাদশে ফিরতে পারে বৈভব সূর্যবংশীও। আফগানিস্তান সিরিজ় ও জাপান ম্যাচে তাকে খেলানো হয়নি। কিন্তু এশিয়াডে ১৫ বছরের ক্রিকেটারকে ওপেনিংয়ে পাঠানো হতে পারে। সে রকম হলে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবে বৈভব। তিন নম্বরে নামবেন সঞ্জু স্যামসন।
বৈভব ফিরলে বাদ যেতে পারেন শিবম দুবে। আফগানিস্তান সিরিজ় ও জাপান ম্যাচে আহামরি কিছু করতে পারেননি তিনি। যেহেতু নিশিনের উইকেটে স্পিনারেরা দাপট দেখাচ্ছেন, তাই তিন স্পিনারে যেতে পারে ভারত। অক্ষর পটেল, রবি বিশ্নোই ও ওয়াশিংটন সুন্দর, তিন জনই খেলবেন। অক্ষর ও ওয়াশিংটন অলরাউন্ডার হিসাবে খেলবেন। চতুর্থ স্পিনারের ভূমিকায় দেখা যেতে পারে তিলক বর্মাকে।
আরও পড়ুন:
তবে খেলা হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, গত কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। নিশিনের মাঠে ফ্লাডলাইট নেই। তাই বৃষ্টি হলে খেলা ভেস্তে যেতে পারে। তবে সে সব নিয়ে ভাবছেন না শ্রেয়সেরা। প্রস্তুতি নিয়েই নামতে চাইছে ভারতীয় দল।
ভারতের সম্ভাব্য একাদশ
বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশন, শ্রেয়স আয়ার (অধিনায়ক), তিলক বর্মা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংহ।