প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে সিরিজ়ে ১-০ এগিয়ে ভারত। শুক্রবার দ্বিতীয় ম্যাচ রাঁচীতে। বৃহস্পতিবার অনুশীলনে বৈভব সূর্যবংশীকে দেখতে উপচে পড়ল ভিড়। সামলাতে হিমশিম খেলেন পুলিশকর্মীরা। নজর ছিল ‘ঘরের’ ছেলে ঈশান কিশনের দিকেও। তিনিও নিরাশ করেননি।
বৈভব প্রথম ম্যাচে খেলেনি। এই সিরিজ়ে খেলবে এমন নিশ্চয়তা নেই। তবু বিহারের ক্রিকেটারকে দেখতে ভিড় জমে গেল রাঁচীর স্টেডিয়ামে। প্রচুর তরুণ সমর্থক ভিড় করেছিলেন ভারতের অনুশীলন দেখতে। তাঁদের নিরাশ করেনি বৈভব। অনুশীলনে একের পর এক ছক্কা মেরেছে সে। কোনও বল পড়েছে গ্যালারিতে, কোনওটি মাঠের ধারে উড়ে গিয়েছে।
এ দিন ঈশানও অনেকটা সময় কাটান নেটে। প্রথম শারীরিক কসরত করেন। এর পর স্পিনারদের বিরুদ্ধে খেলেন। ঈশানের বিরুদ্ধে বল করেন রবি বিশ্নোই, নমন ধীর এবং অভিষেক শর্মা। ঈশানও কয়েকটি বল গ্যালারিতে ফেলেন। পাশে ছিলেন সঞ্জু স্যামসন। ফর্মে না থাকা সঞ্জু অবশ্য অতটা আগ্রাসী ছিলেন না। তিনি ধীরস্থির ভঙ্গিতে ব্যাট করেছেন।
আরও পড়ুন:
কিছু দিন আগে ঝাড়খন্ডকে সৈয়দ মুস্তাক আলি জিতিয়েছিলেন ঈশান। ছোটবেলা থেকে খেলায় এই মাঠ তাঁর হাতের তালুর মতোই চেনা। ফলে ঈশানকে ঘিরেও আগ্রহ রয়েছে। ভারতের সহকারী কোচ সীতাংশু কোটাক এ দিন বলেছেন, “বিশ্বকাপ খেলে আসার পর থেকে ঈশান দারুণ ফর্মে রয়েছে। ওকে ছোটবেলা থেকে খেলতে দেখেছি। তখনও আগ্রাসী খেলত। এখন অনেক পরিণত ব্যাটিং করে। দলের প্রয়োজন অনুযায়ী খেলে।”