গত দু’বছর বাণিজ্যিক ক্ষতি হয়েছে। তার পরেও শিক্ষা নিল না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরের বছরও আইপিএলের সঙ্গে একই সময়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পিসিবি-র তরফে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
পিসিবি জানিয়েছে, আট দলের এই প্রতিযোগিতা ১৮ মার্চ শুরু হবে। শেষ হবে ২ মে। আইপিএলের দিন ক্ষণ এখনও না জানা গেলেও তা মার্চের মাঝামাঝি শুরু হয়ে মে-র শেষ পর্যন্ত চলার কথা। ফলে প্রায় দেড় মাস আইপিএল এবং পিএসএল একই সময়ে চলবে।
গত ১ সেপ্টেম্বর লন্ডনে পিএসএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তা প্রকাশ্যে আনা হয়েছে বৃহস্পতিবার। মালিক এবং প্রতিনিধিদের দলের সঙ্গে পিসিবি কর্তাদের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বারের পিএসএলে অনেক নজির তৈরি হয়েছিল। প্রথম বার আটটি দল খেলেছিল। ড্রাফ্টের বদলে আইপিএলের মতো ক্রিকেটারদের নিলামের ব্যবস্থা করা হয়েছিল। হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে ট্রফি জিতেছিল পেশওয়ার জালমি। পিসিবি-র আশা, এ বারও অনেক নজির তৈরি হবে। ট্রেডেরও ব্যবস্থা করা হবে।
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি জানিয়েছেন, গত বারের পিএসএল দেখে বোঝা গিয়েছে এই লিগের উত্তেজনা কতটা। মাঠে দর্শকসংখ্যা, টিভিতে নজিরবিহীন দর্শক এবং উত্তেজক মুহূর্ত তৈরি হয়েছে। তাঁর আশা, পিএসএল ১২ এই নজির আরও বাড়িয়ে দেবে।
উল্লেখ্য, ১ সেপ্টেম্বরের বৈঠকের পর অসমর্থিত সূত্রেরা দাবি করেছিলেন, পিএসএলের সময় এগিয়ে আনা হবে। আইপিএলের সঙ্গে সংঘাতের কথা বলা হয়নি। পিএসএলের মিডিয়া স্বত্বাধিকারী সংস্থা জানিয়েছিল, এপ্রিল-মে উইন্ডোতে রমজান রয়েছে। তার আগে প্রচুর বিজ্ঞাপন দেওয়ার ফলে ওই সময়ে বেশির ভাগ সংস্থারই তহবিল শেষ হয়ে যায়। তাই পিএসএল চলার সময় তারা বিজ্ঞাপন দিতে পারে না।
আরও পড়ুন:
তবে পিএসএলের দলমালিকেরা জানিয়েছিলেন, যে উইন্ডোতেই খেলা হোক না কেন তাঁদের পুরো টাকা দিয়ে দিতে হবে। কত বিজ্ঞাপন আসছে বা মিডিয়া স্বত্বাধিকারী সংস্থার তহবিল কেমন তা বিচার্য হবে না। চুক্তি অনুযায়ী, পিএসএলের লভ্যাংশ তহবিল থেকে ৯৫ শতাংশ টাকা ভাগ করে দেওয়া হয় আটটি দলের মধ্যে।
প্রথম ন’বছর পিএসএল আয়োজিত হয়েছিল ফেব্রুয়ারি-মার্চে। গত দু’বার তা পিছিয়ে দেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে। তবে একাধিক ক্রিকেটারের দল ছেড়ে আইপিএলে যাওয়া পাকিস্তান বোর্ড মানতে পারেনি। শাস্তি দিয়েও তাঁদের বাগে আনা যায়নি। পরের বছরও একই জিনিস দেখা যেতে পারে।