২৯ বছরে ভারতের হয়ে অভিষেক হয়েছিল। এখন তিনি ৩৫। সেই বরুণ চক্রবর্তী মনে করছেন ক্রিকেটজীবনের অর্ধেকই এখনও পূরণ হয়নি তাঁর। চোট পেয়ে এখন বাইরে থাকলেও মাঠে ফেরার জন্য ছটফট করছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কেকেআরের বোলার বলেছেন, “কেরিয়ারের এই পর্যায়ে এসে মনে হচ্ছে, এখনও প্রথমার্ধে রয়েছি। আমি অনেক দেরিতে শুরু করেছি। তাই এখনও অনেক রাস্তা যাওয়া বাকি।”
টি-টোয়েন্টি বিশ্বকাপে যুগ্ম সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন বরুণ। সেই প্রতিযোগিতায় খেলেছিলেন হাড়ের চোট নিয়েই। সেই চোট পুরোপুরি সারার আগেই পেশিতে চোট পান। এখন সেই হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েও খেলবেন।
নিজের চোট নিয়ে বরুণের মন্তব্য, “এই প্রথম বার পেশিতে চোট পেলাম। বেশির ভাগ চোটই পেয়েছি অতিরিক্ত ধকল বা অন্য কোনও কারণে। বোর্ডের উৎকর্ষ কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অনেক সাহায্য করেছেন। ওতেই আত্মবিশ্বাস পেয়েছি। যাঁরাই ওখানে ছিলেন আমায় সাহায্য করেছেন।”
আরও পড়ুন:
বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে দীর্ঘ দিন কাটাতে হয়েছে তাঁকে। চোট সারানোর পাশাপাশি আত্মবিশ্বাস ফেরানো এবং শারীরিক শক্তি বাড়ানোর কাজও করতে হয়েছে। বরুণ বলেছেন, “আমি অনেকটা সময় ওখানে কাটিয়েছি। প্রচুর দৌড়েছি এবং শক্তি বাড়ানোর কাজ করেছি। তাতে অনেক উপকারও পেয়েছি।”
শুধু শারীরিক শক্তি বাড়ানোই নয়, মানসিক কাঠিন্যের দিকেও খেয়াল রাখতে হয়েছে তাঁকে। বরুণের মতে, কাজ এখনও সম্পূর্ণ হয়নি। বলেছেন, “আত্মবিশ্বাস ফিরতে কিছুটা সময় লাগবেই। কিন্তু এক বার পেয়ে গেলে নিজেকে প্রকাশ করার সময়ও পাব।”