শনিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট। ৯ বছর পর শ্রীলঙ্কার মাটিতে খেলতে নামছে ভারত। এটি হতে চলেছে ভারতের ৬০০তম টেস্ট ম্যাচ। তবে গলের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের পাঁচ দিনই হতে পারে বৃষ্টি। প্রথম দিন ভাল রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির কারণে ইতিমধ্যেই ভারতের অনুশীলনে ব্যাঘাত ঘটেছে। প্রথম টেস্টের আগে ভারতের অনুশীলন কাটছাঁট করতে হয়েছে। ফলে প্রথম টেস্টের আগে ভারতের প্রস্তুতি ভাল হয়নি।
গোটা টেস্টেই একই রকম পূর্বাভাস রয়েছে। ম্যাচের একাধিক দিনে বৃষ্টি বাদ সাধতে পারে। ভারত চাইবে, যাতে যতটা কম সম্ভব খেলার সময় নষ্ট হয়। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখে এই টেস্ট ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
প্রথম দিনের আকাশ প্রায় গোটা দিনই মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা থাকতে পারে ৩০-৩১ ডিগ্রি। আর্দ্রতা থাকায় পরিবেশ আরও কিছুটা গরম থাকবে।
প্রথম দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। ৫.৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আকাশের ৯২ শতাংশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। সকালের দৃশ্যমানতা থাকবে ৫ কিলোমিটার। ২০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:
দ্বিতীয় দিন থেকেও পরিবেশের উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। রবিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কারণে বার বার খেলা থামতে পারে।
২০১৭-য় শেষ বার শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ় খেলেছিল ভারত। বিরাট কোহলির সেই দল শ্রীলঙ্কাকে চুনকাম করেছিল ৩-০ ব্যবধানে। গলে তারা জিতেছিল ৩০৪ রানে। তবে এ বার ভারত ধারেভারে অনেকটাই দুর্বল। শ্রীলঙ্কার স্পিনারদের তারা কী ভাবে সামলায়, তার উপর অনেক কিছু নির্ভর করছে।