বেন স্টোকস অবসর নেওয়ার পর ইংল্যান্ড আবার টেস্ট দলের অধিনায়ক করেছে জো রুটকে। দায়িত্ব নেওয়ার পর দল থেকে কারফিউ তুলে দিলেন রুট। তাঁর আশা, সতীর্থেরা প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করবেন। নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজ়ে মদ্যপান বিতর্কের পর ইংল্যান্ড দলের উপর কারফিউ আরোপ করা হয়েছিল।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ের সময় মদ্যপান করে বিতর্কে জড়ান প্রাক্তন অধিনায়ক স্টোকস এবং গাস অ্যাটকিনসন। তার ফলে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি স্টোকস। তৃতীয় টেস্টে দলে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। টেস্ট ক্রিকেটে টানা ব্যর্থতা এবং ক্রিকেটারদের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারায় সরিয়ে দেওয়া হয় কোচ ব্রেন্ডন ম্যাকালামকেও। দলের হাল ফেরাতে কোচ করা হয় স্টিফেন ফ্লেমিংকে। প্রাক্তন অধিনায়ক রুটকে আবার নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে।
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ় দিয়ে নেতৃত্বের দ্বিতীয় অধ্যায় শুরু করবেন রুট। সতীর্থদের কড়া নিয়মে বেঁধে রাখতে চান না তিনি। আস্থা রাখতে চান পরিণতিবোধের উপর। রুট বলেছেন, ‘‘দলে কোনও কারফিউ জারি করা হচ্ছে না। আমার মনে হয় না এটা গুরুত্ব দেওয়ার মতো কোনও বিষয়। মাঠে দায়িত্বশীল হতে গেলে খেলার বাইরেও খেলোয়াড়দের পরিণত হওয়া প্রয়োজন। ভাল এবং দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে।’’ সিরিজ় চলাকালীন নৈশক্লাবে যাওয়া বা মদ্যপানের উপর নিষেধাজ্ঞা রাখতে চান না। কোচ ফ্লেমিংয়ের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের বিরুদ্ধে পরিকল্পনা চূড়ান্ত করতে চান। দল হিসাবে ভাল পারফর্ম করাই লক্ষ্য তাঁর।
সতীর্থদের উদ্দেশে রুট বলেছেন, ‘‘তোমরা সকলেই প্রাপ্ত বয়স্ক। ইংল্যান্ডের হয়ে খেলতে হলে কী করতে হয়, তা তোমরা জান। মাঠের ভিতরে এবং বাইরে কী দায়িত্ব, সেটাও জান তোমরা। মাঠের বাইরে যাতে কোনও বিতর্কিত পরিস্থিতি তৈরি না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব দলের সকলের। খবরের কাগজের শেষ পাতায় আমাদের নাম ছাপা হোক সঠিক কারণের জন্য। শুধু বলব, সকলে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করি। নিজের নিজের খেয়াল রাখ। পরস্পরের খেয়াল রাখ। আমাদের একটা শক্তিশালী দল তৈরি করতে হবে। সকলে মিলে ভাল সংস্কৃতি তৈরি করতে হবে। জয় উদ্যাপন করার সঠিক সময় এবং পদ্ধতি জানা জরুরি। বুঝতে হবে, কখন পরিমিত পানীয় উপভোগ করা যায়। মনে রাখবে, তোমরা ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করছ।’’ ১৯ অগস্ট থেকে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্ট।
আরও পড়ুন:
উল্লেখ্য, রুটের প্রথম দফার ইংল্যান্ডের অধিনায়কত্বের সময়ও ২০১৭-১৮ মরসুম অ্যাশেজ় সিরিজ়ের সময় মদ্যপান নিয়ে বিতর্ক হয়েছিল। তার পর ২০২২ পর্যন্ত ইংল্যান্ড দলে কারফিউ জারি ছিল। দ্বিতীয় দফায় নেতৃত্বের দায়িত্ব পেয়ে নতুন করে শুরু করতে চাইছেন রুট।