সোমবার এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তবে সেই ম্যাচে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই। খেলা না-ও হতে পারে। প্রশ্ন উঠছে, যদি খেলা না হয় তা হলে কোন দেশ সেমিফাইনালে যাবে? কারণ এশিয়ান গেমসে কোনও রিজ়ার্ভ ডে নেই। সোমবারই দিনের প্রথম ম্যাচে পাকিস্তান খেলবে হংকংয়ের বিরুদ্ধে।
বৃষ্টির সম্ভাবনা কতটা?
ভারতের ম্যাচ শুরু হওয়ার কথা স্থানীয় সময় দুপুর ১.৩০টায়, অর্থাৎ ভারতীয় সময় সকাল ১০টা থেকে। একটি বেসরকারি ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৬৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৯টায় তা বেড়ে হবে ৭০ শতাংশ। তখনই প্রথম সেমিফাইনাল শুরু হওয়ার কথা।
বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে ভারতের খেলা যখন শুরু হবে, তখন বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ। দুপুর ২টোয় তা কমে ৩৪ শতাংশ, ৩টের সময় ৪০ শতাংশ এবং ৪টের সময় ৫৮ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির।
কী হবে ম্যাচ ভেস্তে গেলে?
যদি ভারত বনাম আফগানিস্তান ম্যাচ না হয়, তা হলে আইসিসি র্যাঙ্কিংয়ে আগে থাকার কারণে ভারত উঠবে সেমিফাইনালে। এই মুহূর্তে ভারত টি-টোয়েন্টিতে এক নম্বর দল। আফগানিস্তান রয়েছে ১০-এ। স্বাভাবিক ভাবেই ভারত উঠবে শেষ চারে।
যদি পাকিস্তানের ম্যাচ ভেস্তে যায়, তা হলে তারাই উঠবে সেমিফাইনালে। কারণ আইসিসি র্যাঙ্কিংয়ে হংকংয়ের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তান যেখানে ষষ্ঠ স্থানে, হংকং সেখানে ২৪তম।
আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৩-এর এশিয়ান গেমসের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং আফগানিস্তান। সেই ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। র্যাঙ্কিংয়ে আগে থাকার দৌলতে সোনা জিতেছিল ভারত।