পর পর দু’ম্যাচ জিতে সিরিজ় পকেটে পুরল ভারতের অনূর্ধ্ব-১৯ দল। অস্ট্রেলিয়ার ছোটদের দলের বিরুদ্ধে শতরান করলেন যশবর্ধন চৌহান। ৪৭ রান করলেন বীরেন্দ্র সহবাগের পুত্র আর্যবীর সহবাগ। রান করেছেন ভিকে বিনীথও। তিন জনের দাপটে অস্ট্রেলিয়াকে ১০২ রানে হারিয়েছে ভারত। ফলে তৃতীয় ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।
রাজকোটে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৪১ রান করে ভারত। ওপেন করতে নেমে অধিনায়ক লক্ষ্য রায়চন্দনি ১১ রানে আউট হলেও অপর ওপেনার আর্যবীর ৪৭ রান করেন। ন’টি চার মারেন সহবাগের পুত্র। জুটি গড়েন বিনীথের সঙ্গে। মাত্র ৩ রানের জন্য নিজের অর্ধশতরান হাতছাড়া করেন আর্যবীর।
সহবাগের পুত্র আউট হওয়ার পর বিনীথের সঙ্গে জুটি বাঁধেন যশবর্ধন। সেই জুটিই ভারতকে বড় রানে নিয়ে যায়। দু’জনের মধ্যে ১৩২ রানের জুটি হয়। দেখে মনে হচ্ছিল, দুই ব্যাটারই শতরান করবেন। কিন্তু ৮৭ রানের মাথায় ফেরেন বিনীথ।
আরও পড়ুন:
যশবর্ধনকে আটকাতে পারেননি অস্ট্রেলিয়ার বোলারেরা। শতরান করেন তিনি। শেষ পর্যন্ত ১০০ বলে ১২২ রান করে আউট হন তিনি। ১৫টি চার ও দু’টি ছক্কা মারেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার।
৩৪২ রান তাড়া করতে হলে শুরু থেকে আগ্রাসী ক্রিকেট ছাড়া উপায় ছিল না অস্ট্রেলিয়ার। সেটা করতে গিয়ে নিয়মিত উইকেট পড়ে। ম্যাথু লৌ ৪২, অধিনায়ক জ্যাক কোজ়নেক ৮১ ও ব্লেক ক্যাটল ৪৪ রান করেন। ম্যাচ জিততে হলে তিন জনের মধ্যে অন্তত এক জনকে শেষ পর্যন্ত থাকতে হত। সেটা হয়নি।
এই তিন ব্যাটার আউট হওয়ার পর আর লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া। ৪১.১ ওভারে ২৩৯ রানে অল আউট হয়ে যায় তারা। ব্যাট হাতে শতরানের পর বল হাতেও ২ উইকেট নেন যশবর্ধন। স্বাভাবিক ভাবেই ম্যাচের সেরা হয়েছেন তিনি।