কিছু দিন আগেই চেন্নাইয়ের নতুন কোচ হিসাবে দায়িত্ব নিয়েছেন জ়াহির খান। প্রথম সাক্ষাৎকারে তিনি দলে মহেন্দ্র সিংহ ধোনির প্রভাবের কথা মেনে নিলেন। পাশাপাশি এটাও জানিয়ে দিলেন, প্রাক্তন কোচ স্টিফেন ফ্লেমিংয়ের জায়গা পূরণ করা তাঁর কাছে সোজা হবে না।
টানা ১৬ বছর কোচের দায়িত্বে থাকা ফ্লেমিং সরে গিয়েছেন। এক বছরের চুক্তিতে কোচ করা হয়েছে জ়াহিরকে। চেন্নাইয়ের পোস্ট করা ভিডিয়োয় জ়াহির বলেছেন, “দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল। আমার কাছে আলাদা চ্যালেঞ্জ। যে আস্থা আমার উপর রাখা হয়েছে তার জন্য আমি আপ্লুত। নিজের সেরাটাই দেব।”
ফ্লেমিং চলে যাওয়ার পর অনেকের নাম নিয়েই আলোচনা হয়েছিল। শেষমেশ ধোনির পরামর্শেই কোচ করা হয় জ়াহিরকে। পুরনো সতীর্থকে নিয়ে জ়াহির বলেছেন, “চেন্নাইয়ে ধোনি অনেক বড় নাম। দল কোন দিকে এগোতে চাইছে সে ব্যাপারে ধোনির মতামত খুবই গুরুত্বপূর্ণ। তাই এমএস-এর উপদেশ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দল পরিচালন সমিতির দৃষ্টিভঙ্গির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করার চেষ্টা করব।”
কী ভাবে তাঁকে বেছে নেওয়া হল সেটাও বর্ণনা করেছেন জ়াহির। তাঁর কথায়, “রূপা (গুরুনাথ) এবং কাশীর (বিশ্বনাথন) সঙ্গে আমার কথা হয়েছে। খুব সাধারণ কথাবার্তা। ওরা জানতে চেয়েছিল আমার সময় হবে কি না। আমি বলেছিলাম, খুশি খুশি মনে এই প্রস্তাব গ্রহণ করতে চাই। আমার কাছে এটা সম্মানের মতো। এর পর বাকি কাজকর্ম হয়েছে।”
আরও পড়ুন:
-
প্রকাশ্যে হকি কর্তাদের অন্তর্কলহ! সহকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ সভাপতি তিরকের, ব্যক্তিগত তথ্য ফেরতের দাবি
-
ভারতের জার্সিতে আর এক সহবাগ! বাড়িতে থাকলে ছেলে আর্যবীরকে কী পরামর্শ দেন বাবা বীরেন্দ্র?
-
শ্রীলঙ্কার বোলারকে মাথা দিয়ে গুঁতো! কলম্বো টেস্টে ঠিক কী ঘটেছিল যশস্বী-ফার্নান্ডোর মধ্যে, ফাঁস সতীর্থের
কোচিংয়ের ব্যাপারে প্রযুক্তিতে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন জ়াহির। পাশাপাশি নিজেও যতটা সম্ভব শিখতে চাইছেন। বলেছেন, “আধুনিক ক্রিকেটে প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাঠে আমাদের ভাবনাচিন্তার অনেকটাই ঠিক হয়ে যাচ্ছে প্রযুক্তির সাহায্যে। তরুণ ক্রিকেটারদেরও এই উন্নতির সঙ্গে মানিয়ে নিতে হবে। ওদের সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে রয়েছি।”