১৪ বছর পরে লিভারপুলকে ঘরের মাঠে হারাল আর্সেনাল। রবিবার ১৬ মিনিটে ডেকলান রাইসের পাস থেকে কাই হাভার্ৎজ়ের গোলে এগিয়ে যায় আর্সেনাল। এর পরে একাধিক বার গোলের সুযোগ এলেও সমতা ফেরাতে পারেনি লিভারপুল।
শেষ বার আর্সেনাল জয় পেয়েছিল অ্যানফিল্ডে ২০১২ সালে। আর্সেনালের বর্তমান ম্যানেজার মিকেল আর্তেতা সেই ম্যাচে দলের প্রথম একাদশে ছিলেন। তাই ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এই জয় নিশ্চিত ভাবে বড় কৃতিত্ব আর্তেতার। এই জয়ে পয়েন্ট টেবলে ম্যান সিটিকে সরিয়ে শীর্ষে উঠে এল আর্সেনাল। ৯ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ২৪। ম্যান সিটির সমসংখ্যক ম্যাচে পয়েন্ট ২১।
এ দিকে, চেলসির কাছে ০-২ হারের পরে আরও চাপে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার মাইকেল ক্যারিক। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচে জয় নেই। কিন্তু ম্যানেজারের পদ নিয়ে চিন্তিত নন ক্যারিক। তাঁর দাবি, মঙ্গলবার রোমার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও ডাগ-আউটে থাকবেন। ম্যাচের পরে ক্যারিককে প্রশ্ন করা হয়, রোমার বিরুদ্ধে ম্যাচে তিনি দলের দায়িত্বে থাকবেন কি না। সংক্ষিপ্ত উত্তর দেন ইউনাইটেড ম্যানেজার, “হ্যাঁ।” সাংবাদিক বৈঠকেও ভবিষ্যৎ নিয়ে জল্পনায় গুরুত্ব দেননি ক্যারিক।