নেদারল্যান্ডসের কাছে ভারত হারলেও একটি দৃশ্য দেখে মন ভরে গিয়েছে ভারতীয় সমর্থকদের। খেলা দেখতে হাজির ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়। সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়। মন দিয়ে খেলা দেখতে দেখা যায় তাঁদের।
শনিবার নেদারল্যান্ডসের ওয়েগনার স্টেডিয়ামে হাজির ছিলেন দ্রাবিড়। তাঁর পরনে ছিল মেরুন জ্যাকেট। স্টিভের পরনে ছিল কালো জ্যাকেট। পাশাপাশি বসে খেলা দেখতে দেখা যায় তাঁদের। মাঝেমধ্যে নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তাঁরা।
দ্রাবিড় ক্রিকেটার হিসাবে নাম করলেও হকি তাঁর পুরনো প্রেম। বেঙ্গালুরুর সেন্ট জোসেফ বয়েজ় হাইস্কুলের হয়ে হকি খেলতেন তিনি। মিডফিল্ডে খেলতেন দ্রাবিড়। তাঁর সঙ্গে সেই সময় স্কুল দলে হকি খেলা অনিল অলড্রিন, সন্দীপ সোমেশরা পরে ভারতের জাতীয় দলে খেলেছেন।
আরও পড়ুন:
২০১৮ সালের জানুয়ারি মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসাবে নিউ জ়িল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন ভারতীয় দলের খেলা দেখতে গিয়েছিলেন দ্রাবিড়। সেই ম্যাচে জাপানকে ৬-০ গোলে হারিয়েছিল ভারত। পরে দ্রাবিড়কে ধন্যবাদ দিয়েছিলেন ভারতীয় দলের তৎকালীন গোলরক্ষক পিআর শ্রীজেশ।
২০২৬ সালের জুলাই মাসে একটি সাক্ষাৎকারে পুরনো দিনের কথা বলেছিলেন দ্রাবিড়। কেন হকি তাঁর এত পছন্দের খেলা তা জানিয়েছিলেন তিনি। এবার আরও এক বার হকি স্টেডিয়ামে দেখা গেল দ্রাবিড়কে। তবে একা নয়। সঙ্গে ছিলেন ক্রিকেটের আর এক কিংবদন্তি স্টিভ।