১৮ সিরিজ়ের আইফোনকে কেন্দ্র করে সমালোচনার ঝড়! সমাজমাধ্যমে ভাইরাল হচ্ছে একের পর এক রিল্স। এর জেরে উৎসবের মরসুমে অস্বস্তি বাড়ছে নির্মাণকারী মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্লের। প্রায় দু’লক্ষ টাকার মডেল ব্যবহারে কোথায় সমস্যা? এর জন্য কি ভারতের বাজারে হু-হু করে কমবে বিক্রি? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।
ফি বছর সেপ্টেম্বর নাগাদ একগুচ্ছ নতুন ডিভাইস বাজারে আনে অ্যাপ্ল। প্রায় সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট মডেলগুলির নানাবিধ অসুবিধার কথা সমাজমাধ্যমে তুলে ধরেন নেটাগরিক এবং প্রযুক্তিবিদদের একাংশ। এ বারও তার অন্যথা হয়নি। যদিও বিগত দিনের সঙ্গে ২০২৬ সালের বেশ কিছু পার্থক্য রয়েছে। কারণ, এ বার ১৮ সিরিজ়ের পাশাপাশি ১৬ এবং ১৭ সিরিজ়ের আইফোনের কড়া সমালোচনা করতে দেখা যাচ্ছে তাঁদের।
টেক বিশ্লেষকদের দাবি, আইফোনের এই সমস্যা মূলত সফ্টঅয়্যারের। কারণ, নতুন মডেলে আইওএস ২৭, ২৭.১ এবং ২৭.২ (যার বিটা ভার্সান এসেছে) অপারেটিং সিস্টেম সংযুক্ত করেছে অ্যাপ্ল। অত্যাধুনিক এই প্রযুক্তিটিতে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। এর জেরে ব্যবহারের সময় নানাবিধ সমস্যার মুখে পড়ছেন গ্রাহক। বাড়ছে তাঁদের বিরক্তি।
তবে, এর জন্য আইফোন গ্রাহকদের চিন্তা করার কিছু নেই। টেক বিশেষজ্ঞদের কথায়, ব্যবহারকারীদের উপর সব সময় বাড়তি নজর দিয়ে থাকে অ্যাপ্ল। অ্যান্ড্রয়েড ফোনের মতো দেরি করে সফ্টঅয়্যার আপডেট পাঠায় না তারা। বরং, বেশ ঘন ঘন সেটা পেয়ে থাকেন গ্রাহক। টেক বিশেষজ্ঞদের কথায় তাতেই দূর হবে যাবতীয় সমস্যা। তাই এ ব্যাপারে ধৈর্য রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
চলতি বছরের উৎসবের মরসুমে ১৮ সিরিজ়ের দু’টি আইফোন বাজারে এনেছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট। সেগুলি হল, আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স। ভারতে এর প্রথমটির প্রারম্ভিক মূল্য ১ লক্ষ ৬৪ হাজার ৯৯০ টাকা বলে জানা গিয়েছে। দ্বিতীয়টি বিপণিতে বিক্রি হচ্ছে কমপক্ষে ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকায়।