Advertisement
E-Paper

পিঠে ব্যাগ, চলন্ত বিমানে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা! ভিডিয়ো ছড়াতেই বিতর্ক, বিবৃতি দিল বিমানসংস্থা

‘আই এক্স ১২৩৬’ নামের বিমানে থাকা এক যাত্রী তাঁর এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানটি রানওয়ে ধরে এগিয়ে যাওয়ার সময় এর ভিতরে বেশ কয়েক জন যাত্রী দাঁড়িয়ে রয়েছেন। চলন্ত বিমানে এই ভাবে দাঁড়িয়ে থাকা যায় কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নেটাগরিকদের মধ্যে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২০

ছবি: সংগৃহীত।

রানওয়েতে চাকা গড়াতেই বিমানের মধ্যে উঠে দাঁড়িয়ে পড়লেন কয়েক জন যাত্রী। মুহূর্তে শুরু হল বিশৃঙ্খলা। ঠিক যেমন ট্রেন বা বাসে যাত্রীরা দাঁড়িয়ে থাকেন, ঠিক তেমনই নজিরবিহীন দৃশ্য দেখা গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সমাজমাধ্যমে ভিডিয়োটি ভাইরাল হতেই বিবৃতি দিয়েছেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

‘আই এক্স ১২৩৬’ নামের বিমানে থাকা এক যাত্রী তাঁর এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানটি রানওয়ে ধরে এগিয়ে যাওয়ার সময় এর ভিতরে বেশ কয়েক জন যাত্রী দাঁড়িয়ে রয়েছেন। চলন্ত বিমানে এই ভাবে দাঁড়িয়ে থাকা যায় কি না তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নেটাগরিকদের মধ্যে। ভিডিয়োয় ওই যাত্রীকে বলতে শোনা যায়, ‘‘যাত্রীরা দাঁড়িয়ে আছেন, কিন্তু বিমানটি চলছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এই অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন।” নিরাপত্তার মান নিয়েও জানতে চান তিনি। ভিডিয়োটি দেখার পর নেটমাধ্যম ব্যহারকারীদের মধ্যে প্রশ্ন উঠেছে যে, বিমানটি পুরোপুরি না থামা পর্যন্ত বা আকাশে ওড়া পর্যন্ত যাত্রীদের কি আসনে বসে থাকতে হয়? আবার বেশ কিছু নেটাগরিক ভিড় সামলাতে না পারার জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীদের দায়ী করেছেন। এক যাত্রী লিখেছেন, ‘‘যদিও এটা পুরোপুরি বিমানসংস্থার বিষয়, তবে অন্য কোনও বিমানসংস্থা এ ভাবে বিমানে দাঁড়িয়ে থাকার অনুমতি দেয় না। এদের কালো তালিকাভুক্ত করা উচিত।’’ অন্য এক নেটাগরিক লিখেছেন, সব আসন হয়তো পূর্ণ হয়ে গিয়েছে বলেই তাঁরা দাঁড়িয়ে আছেন। এমন পরিস্থিতিতে বিমান ওড়ার অনুমতি দেওয়া উচিত হয়নি।

এক নেটমাধ্যম ব্যবহারকারীর প্রশ্নের জবাবে পোস্টদাতা দাবি করেছেন, উড়ানের আগে কোনও ঘোষণা করা হয়নি এবং বিমানটি হঠাৎ চলতে শুরু করে। বিমানসংস্থা এই অভিযোগের জবাবে জানিয়েছে, ‘‘উদ্ভুত পরিস্থিতির কারণে যাত্রীদের উদ্বেগের জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং নিরাপত্তা পদ্ধতি মেনেই তা পরিচালিত হয়।’’

Air India Express

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy