শিঙাড়া কেনার জন্য ট্রেন থামানোর অভিযোগ উঠল এক ট্রেনচালকের বিরুদ্ধে। মুখরোচক খাবার কেনার জন্য গন্তব্যের মাঝেই আচমকা ট্রেন থামিয়ে দেন তিনি, এমনটাই দাবি করা হয়েছে একটি ভিডিয়োয়। এর ফলে যাত্রীদের দেরি হয় তো বটেই, কাজটি রেলের নিয়ম-বহির্ভূতও। তবে, রেলের তরফে বিবৃতি দেওয়া হয়েছে, সেটি কোনও যাত্রিবাহী ট্রেন ছিল না, একটি মালবাহী ট্রেন ছিল।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি দোকান থেকে শিঙাড়া কিনে বেরোচ্ছেন এক ব্যক্তি। ভিডিয়োয় এক জনকে বলতে শোনা যায়, ওই ব্যক্তি রেলকর্মী। শিঙাড়া কেনার জন্য ট্রেন থামিয়েছেন ট্রেনচালক। পরমুহূর্তেই ক্যামেরায় ধরা পড়ে একটি দাঁড়িয়ে থাকা ট্রেন। এর পর ওই ব্যক্তিকে ট্রেনচালকের জন্য নির্দিষ্ট কামরায় উঠতে দেখা যায়। তিনি ওঠার পরেই ধীরে ধীরে ট্রেনটি চলতে শুরু করে।
‘দ্যইন্ডিভার্স’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তবে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। প্রায় ২০ হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। তাতে মন্তব্য করেছেন বহু নেটাগরিক। এক জন ব্যঙ্গ করে লিখেছেন, “ট্রেনকে নিজের ব্যক্তিগত গাড়ি ভেবে নিয়েছেন ওই ট্রেনচালক।”
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের। মহু সেকশনের রাউয়ের রাঙ্গওয়াসা রোডের কাছে ট্রেনটিকে দাঁড় করানো হয়। তবে, ভারতীয় রেলওয়ের রতলাম বিভাগ জানিয়েছে, ট্রেনটি মালবাহী ট্রেন ছিল। সেই সময় ওই পথে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। আর সে কারণে মালবাহী ট্রেনটির এক ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে থাকার কথা ছিল বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। যেহেতু ওই সময় ট্রেনটি চলবে না, তাই সহকারী ট্রেনচালক কাছের একটি দোকান থেকে শিঙাড়া কেনার জন্য ট্রেন থেকে নামেন। রেলের তরফে জানানো হয়েছে, খাবার কেনার জন্য ট্রেন থামানো হয়নি।