জম্মু ও কাশ্মীরের গুরেজ় উপত্যকায় খাড়া পাহাড়ের ঢাল বেয়ে একটি গাড়ি গড়িয়ে পড়ার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, সৌভাগ্যবশত এই ঘটনায় কারও কোনও ক্ষতি হয়নি, কারণ গাড়িটি পিছলে যাওয়ার ঠিক আগের মুহূর্তেই আরোহীরা নেমে গিয়েছিলেন। জানা গিয়েছে, ভূস্বর্গের প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরাবন্দি করার উদ্দেশেই গাড়ি থেকে নামেন পর্যটকেরা, তখনই এই বিপত্তি ঘটে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি পার্বত্য অঞ্চলে গড়িয়ে গড়িয়ে পেছোচ্ছে একটি সাদা রঙের গাড়ি। নিয়ন্ত্রণহীন ভাবে ডিগবাজি খেতে থাকে গাড়িটি। এর পর সোজা একটি খাদে গিয়ে পড়ে। খবরে প্রকাশ, গাড়িটি গড়িয়ে পড়ে যেতে চলেছে দেখে সেটিকে আটকানোর জন্য মরিয়া চেষ্টা করেন আরোহীরা। কিন্তু শেষরক্ষা হয়নি। এটি পাথুরে ঢাল বেয়ে গড়িয়ে অনেক নীচে গিয়ে থেমে যায়। এই পতনে গাড়িটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্রের খবর, গাড়িটিকে সঠিক জায়গায় দাঁড় করাননি ওই পর্যটকেরা। পথের একটি ঢালু অংশে গাড়ি থামিয়েছিলেন তাঁরা। আর তার ফলেই এই বিপদ ঘটে। সকলে নেমে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই গাড়িটি নিজে থেকেই পিছনের দিকে চলতে শুরু করে। এই ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ গাড়িচালকদের পাহাড়ি গিরিপথ দিয়ে যাতায়াতের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। পথের খাড়া অংশে বা আবহাওয়ার কোনও রকম পরিবর্তনের ক্ষেত্রে ঝুঁকি না নেওয়াই উচিত বলে জানিয়েছেন তাঁরা।
ঘটনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শিউরে উঠেছেন নেটাগরিকেরা। সেই সঙ্গে প্রশ্নের মুখে পড়েছে ওই পর্যটকদের দায়িত্ববোধ। এক্সের (সাবেক টুইটার) ‘নিখিলসাইনি’ নামের হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি প্রায় ১০ হাজার বার দেখা হয়েছে। অনেকেই তাতে পছন্দ-চিহ্ন এঁকে দিয়েছেন। বহু নেটাগরিক মন্তব্যও করেছেন। অজস্র মন্তব্য জমা পড়েছে মন্তব্যবাক্সে। এক জন লিখেছেন, “কপালজোরে কেউ গাড়ির ভিতরে ছিলেন না। নইলে ভয়ঙ্কর পরিণাম হত।” পাশাপাশি এক ব্যবহারকারী ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, “এই সব গাধার মতো কাজ করা মানুষের প্রতি আমার কোনও সহানুভূতি নেই।”