গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর কেটে গিয়েছে আড়াই মাস। এর মধ্যে বাজেট অধিবেশনের দু’টি পর্ব সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও বিধানসভার সব কমিটি গঠন করা হয়নি। ফলে যেমন বিধানসভার কিছু গুরুত্বপূর্ণ কাজকর্মে প্রভাব পড়ছে বলে মনে করছেন বিধায়কদের একাংশ, তেমনই কমিটির বৈঠকে যোগ দিয়ে প্রাপ্য দৈনিক ভাতা থেকেও বঞ্চিত হচ্ছেন বিধায়কেরা। এই নিয়ে শাসক ও বিরোধী—দুই শিবিরের বিধায়কদের মধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে।
বিধানসভার স্থায়ী কমিটি-সহ মোট ৪১টি কমিটি রয়েছে। এই কমিটিগুলিতে শাসক ও বিরোধী দলের বিধায়কদের সমন্বয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সরকারের বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে বিধায়কদের মতামত গ্রহণ, প্রশাসনিক কাজকর্মের পর্যালোচনা এবং কোনও আর্থিক তছরুপ বা বেনিয়মের অভিযোগ সামনে এলে, তা সরকারের নজরে আনার ক্ষেত্রে এই কমিটিগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফলে এতদিন পরেও কমিটি গঠন না হওয়ায় বিধানসভার স্বাভাবিক কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধী বিধায়কদের একাংশ।
কমিটি গঠন না হওয়ার বিষয়টিকে অনেকে নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের দীর্ঘসূত্রতার সঙ্গেও মিলিয়ে দেখছেন। ৯ মে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে পাঁচ মন্ত্রী শপথ নিয়েছিলেন। এর পর ১ জুন আরও ৩৫ জন মন্ত্রী শপথ নেওয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী-সহ প্রাথমিক মন্ত্রিসভার শপথের ২৩ দিন পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়েছিল। সেই সময়ের মতোই বিধানসভার কমিটি গঠনের ক্ষেত্রেও দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে বলে মনে করছেন বিধায়কদের একাংশ।
বর্তমানে বিধানসভায় বিজেপির ২০৭ জন বিধায়ক রয়েছেন। অন্য দিকে, সম্মিলিত ভাবে বিরোধী শিবিরের বিধায়কসংখ্যা ৮৬। তবে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি বিরোধী দলনেতা এবং শাসক ও বিরোধী— দুই পক্ষের মুখ্যসচেতকদের বিধানসভার কমিটিতে রাখা হয় না। একই ভাবে বিধানসভার স্পিকার এবং ডেপুটি স্পিকারও কমিটির সদস্য হন না। বাকি বিধায়কদের মধ্যে থেকেই ৪১টি কমিটি গঠন করার কথা।
বিধায়কদের একাংশের দাবি, কমিটি গঠন না হওয়ায় সম্ভাব্য আর্থিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা। বিধানসভার বিভিন্ন কমিটির বৈঠকে উপস্থিত থাকার জন্য প্রত্যেক বিধায়ক দৈনিক ২ হাজার টাকা করে ভাতা পান। কিন্তু কমিটি গঠন না হওয়ায় সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিতির সই করতে পারছেন না বিধায়কেরা। ফলে মিলছে না দৈনিক ভাতাও।
বিধানসভা সচিবালয় সূত্রে খবর, কমিটিগুলিতে বিজেপির কোন কোন বিধায়ককে রাখা হবে, সেই তালিকা পরিষদীয় দলের তরফে তৈরি করে ফেলা হয়েছে। তবে বিরোধী দলের বিধায়কদের তালিকা এখনও তৈরি হয়নি। আর সেই কারণেই কমিটি গঠনের প্রক্রিয়া আটকে রয়েছে বলে দাবি বিধায়কদের একাংশের। এই পরিস্থিতিতে দ্রুত কমিটি গঠনের দাবি উঠছে। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি বিধানসভার সচিবালয়।