তারাপীঠ এবং কলকাতায় অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে রাজ্যের সব হোটেল ও বাণিজ্যিক কেন্দ্রগুলিতে অগ্নিনির্বাপণ ও আপৎকালীন ব্যবস্থা খতিয়ে দেখার দাবিতে সরব হল আম আদমি পার্টির (আপ) পশ্চিমবঙ্গ শাখা। এই মর্মে কলকাতায় দমকলের সদর দফতরে বৃহস্পতিবার আপের রাজ্যের প্রধান মুখপাত্র অর্ণব মৈত্রের নেতৃত্বে ১০ জনের প্রতিনিধিদল দাবিপত্রও দিয়েছে। দমকলের নজরদারি নিয়েও প্রশ্ন তুলেছে আপ। অর্ণবের অভিযোগ, “তারাপীঠ থেকে কলকাতা, কেন বার বার এই ঘটনা হবে? সরকারের মধুচন্দ্রিমার সময় কেটে গিয়েছে। এই বারে কাজ করুক। দমকলের আরও তৎপরতা, স্বচ্ছতার দাবি জানাচ্ছি আমরা।” মধ্য কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করে তা জনসাধারণের কাছে তুলে ধরার জন্যও আর্জি জানিয়েছে আপ। নিয়মিত ‘ফায়ার অডিট’ করার দাবিও তুলেছেন অর্ণব।