সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব ভাবে স্বাক্ষর রেখে চলেছেন অনেক মানুষ। সেই কাজ করতে গিয়ে তাঁদের পেরোতে হয়েছে অনেক প্রতিবন্ধকতা। তবে নিজ নিজ ক্ষেত্রে তাঁরা প্রত্যেকেই স্বমহিমায় সুপ্রতিষ্ঠিত। তাঁদের সম্মান জানাতেই অভিষিক্তা কালচারাল ইউনিট ও ইনার আই সম্প্রতি আয়োজন করেছিল ‘বঙ্গ শিরোপা সম্মান ২০২৬’। কলকাতার বাগবাজারের ফণিভূষণ বিদ্যাবিনোদ মঞ্চে সংবর্ধিত করা হয়েছিল কৃতীদের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনামিকা সাহা, আর.জে. রয় ও ‘শব্দবাজি’-র সদস্যেরা। উপস্থিত ছিলেন নেটপ্রভাবী শুভম চৌধুরী ও অভিনেত্রী তথা সঞ্চালিকা স্বরলিপি। প্রথম পর্যায়ে ‘বঙ্গ শিরোপা সম্মান’ দিয়ে এঁদের সম্মানিত করা হয়। পরবর্তী পর্যায়ে তাঁদের হাত দিয়েই সংবর্ধিত করা হয় এমন কয়েক জন কৃতীকে যাঁরা সমাজে শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ, মানবকল্যাণ, সাহিত্য, সংস্কৃতির বিভিন্ন ধারা ও চিত্রকলা, ভাস্কর্যে বিশেষ অবদান রেখেছেন। কৃতীদের সাফল্যের নেপথ্যের ঘটনা তুলে ধরা হয় ‘সাফল্যের সাতকাহন’ বইয়ে। মঞ্চ থেকে প্রকাশ করা হয় সেই বইও।