ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া, আবাস ও একশো দিনের কাজের দাবিতে চলতি মাসের ৩০ তারিখ রাজ্যের সব পঞ্চায়েতে জমায়েতের ডাক দিল সিপিএমের গণ-সংগঠন কৃষকসভা। পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষকসভার কাউন্সিল অধিবেশনের পরে মঙ্গলবার এই কর্মসূচির কথা জানানোর পাশাপাশি সংগঠনের রাজ্য সম্পাদক পরেশ পাল বলেছেন, “ভোটের আগে তাদের ‘সঙ্কল্পপত্রে’ ৩১০০ টাকা প্রতি কুইন্টাল দরে চাল কিনবে বলেছিল বিজেপি। এখন চালের দর, কুইন্টাল প্রতি ১৫০০-১৬০০ টাকা। সরকার প্রতিশ্রুতি পালন করুক।” একই সঙ্গে, সমবায়ের মাধ্যমে কৃষি-ঋণের ব্যবস্থা, সার, বীজ, কীটনাশকে কালোবাজারি বন্ধের দাবিও তোলা হয়েছে।
ভোটার তালিকায় সব বৈধ ভোটারের নাম তোলার দাবিও তোলা হয়েছে অধিবেশন থেকে। বর্তমানে বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে। তাতে বেড়ার ও-পারে যে কৃষকের জমি চলে যাচ্ছে, তাঁদের বিষয়ে সরকারকে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানানো হয়েছে। সংগঠনের দফতর, হরেকৃষ্ণ কোঙার স্মৃতি ভবনে আয়োজিত অধিবেশনে যোগ দিয়েছিলেন কৃষকসভার সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণন, সহ-সভাপতি হান্নান মোল্লা, সিটুর রাজ্য সভাপতি অনাদি সাহু, সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার-সহ অন্যেরা। অধিবেশনে স্মরণ করা হয়েছে কৃষকসভার নেতা অসীম সাউকে। পাশাপাশি, সংবর্ধনা জানানো হয়েছে ডোমকল থেকে জেতা সিপিএম প্রার্থী মোস্তাফিজুর রহমানকে (রানা)। ১০ অগস্ট কৃষকসভা, সিটু, খেতমজুর, বস্তি ফেডারেশন আইন অমান্য আন্দোলন করবে।