এক মহিলাকে মধ্য রাতে ফোন করে কুপ্রস্তাব দেওয়ার পরে তিনি তাতে সম্মত না হওয়ায় রাস্তায় তাঁকে নিগ্রহের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। নৈহাটির একটি থানায় ইমেল করে অভিযোগ জানানোর পাশাপাশি, ব্যারাকপুরের নগরপাল ও স্থানীয় বিধায়ককে বিষয়টি জানিয়েছেন বলে দাবি অভিযোগকারিণীর।
অভিযোগ, বিজেপির নৈহাটি মণ্ডল ৩-এর সভাপতি মানস পাণ্ডে মহিলাকে মধ্য রাতে ফোন করে কুপ্রস্তাব দিচ্ছিলেন। প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ায় সরাসরি তাঁকে হুমকি দেওয়া হয় এবং কথা বলতে না চাওয়ায় কুকথাও বলা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার অভিযোগকারিণী বলেন, ‘‘একমাত্র মেয়ে ও বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে থাকি। আমার সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করছিলেন উনি। এড়িয়ে যাওয়ায় আমাকে গালিগালাজ করা হয়। আমি অভিযোগ করতেই আমার উপরে হামলা হল। মেরে দাঁত ভেঙে দিল দুষ্কৃতীরা। নিরাপত্তাহীনতায় ভুগছি।’’
মানস বলেন, ‘‘ওই মহিলা তৃণমূল করেন। ভোটের আগে অনেক গন্ডগোল পাকিয়েছেন। বুথে রিগিংও করেছেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই সব অভিযোগ আনছেন।’’ নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়ও জানান, ঘটনাটি কানে আসায় পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে বলেছেন। কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘‘ফোন কল ও মেসেজ খতিয়ে দেখার পাশাপাশি হামলার ঘটনারও তদন্ত শুরু হয়েছে।’’