বন্ধুর দিদিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শুক্রবার রাতে হুগলির একটি এলাকায় বছর ষোলোর এক কিশোরকে রাস্তায় ফেলে পেটাল এক দল যুবক। হামলাকারীরা ‘নাকল ডাস্টার’ (হাতের মুঠোয় পরা ধাতব অস্ত্র) দিয়ে ছেলেটির ডান চোখে ঘুষি মারে বলে অভিযোগ। ডাক্তার জানিয়েছেন, ওই চোখের দৃষ্টি কোনও রকমে বেঁচেছে। হুগলি গ্রামীণের এক পুলিশকর্তা জানান, বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওই কিশোরের বাড়ি জেলার অন্যত্র হলেও, সে ঘটনাস্থলের কাছে মামাবাড়িতে থাকে। বৃহস্পতিবার রাতে তার এক বন্ধুর দিদি (স্কুলছাত্রী) দুই বন্ধুর সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিল। অভিযোগ, তখন দুই যুবক মেয়েটিকে উত্ত্যক্ত করে। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট ওই কিশোর সেখানে গেলে, ধস্তাধস্তি হয়। পালায় দুই যুবক। অভিযোগ, শুক্রবার রাতে ওই দু’জন-সহ জনা পাঁচেক কিশোরের উপরে চড়াও হয়। আহত হলেও তাদেরমোকাবিলা করে ছেলেটি।
কিশোরের বাবা থানায় অভিযোগ দায়ের করেন শুক্রবার রাতে। তিনি বলেন, ‘‘প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’’ সংশ্লিষ্ট ছাত্রী বলে, ‘‘আমার পাশে দাঁড়াতে গিয়ে ওই ভাইয়ের ক্ষতি হল।’’ আক্রান্ত ছেলেটি বলে, ‘‘কোনও মেয়েকে কেউ উত্ত্যক্ত করলে, প্রতিবাদ করব।’’ দেড় দশক আগে উত্তর ২৪ পরগনার বারাসতে দিদি রিঙ্কুর সম্ভ্রম বাঁচাতে গিয়ে খুন হন রাজীব দাস। রিঙ্কু বলেন, ‘‘দিদি-বোনকে বাঁচাতে গিয়ে কোনও ভাইকে যেন ক্ষতির শিকার হতে না হয়।’’