চোরবাগানে ভিড়ের চাপে মৃত্যুর পরে জরুরি স্বাস্থ্য পরিষেবা সচল রাখা নিয়ে সক্রিয় স্বাস্থ্য দফতর। আগামী বছর দুর্গাপুজোয় স্বাস্থ্য ভবন-সহ গুরুত্বপূর্ণ দফতরগুলিতে একটানা ছুটির বদলে কর্মীদের ‘অপশনাল ডিউটি’ চালুর প্রস্তাব মুখ্যমন্ত্রীকে দেবেন বলে বৃহস্পতিবার জানান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ভবনে এসেছেন, আমিও এসেছি। কাউকে পাওয়া যায়নি। দফতরটা যেন ভূতের বাড়ি হয়ে গিয়েছে। জরুরি পরিষেবা সচল রাখতে হিমশিম খেতে হচ্ছে।” মঙ্গলবার রাতে আচমকা স্বাস্থ্য ভবনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের অপরিচ্ছন্নতার অভিযোগ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে হাসপাতালের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অনুপস্থিতির কথা তিনি জানতে পারেন বলে দাবি মন্ত্রীর। অভিযোগ, অনুমতি ছাড়াই পাঁচ জন নন-মেডিক্যাল সুপার ছুটিতে ছিলেন। অথচ হাসপাতালে ৩৬৪ জন সাফাইকর্মী ও ওয়ার্ড-বয় স্তরের কর্মী রয়েছেন। সাফাইয়ের সরঞ্জামও পর্যাপ্ত। তিনি জানান, সংশ্লিষ্টদের শো-কজ় করা হয়েছে। ছ’ঘণ্টার মধ্যে কর্মস্থলে হাজির হয়ে হাসপাতাল পরিষ্কার করিয়ে তার ছবি স্বাস্থ্য ভবনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অন্য মেডিক্যাল কলেজগুলির ক্ষেত্রেও তা কার্যকর করতে বলা হয়েছে। এ নিয়ে আজ, শুক্রবার দুপুর ১২টায় সব মেডিক্যাল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর।