মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে যখন আন্দোলন চলছে, তখন সেই ধারাতেই পুজোর মুখে একের পর এক নানা কর্মসূচি এ বার কলকাতাতেও হতে চলেছে। তার অংশ হিসাবে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের পথের আন্দোলনের সঙ্গে রয়েছে নাগরিক সমাজের একাংশের বিভিন্ন কর্মসূচিও।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত বিতর্ককে সামনে রেখে ‘জনগণের অধিকার রক্ষায়, সাংবিধানিক ন্যায়বিচারে’র দাবি তুলে ১৩ অক্টোবর কনভেনশনের ডাক দিয়েছেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন আমলা জহর সরকারদের নিয়ে ‘সিটিজেন্স ফোরাম ওয়েস্ট বেঙ্গল’। সেখানে যোগ দেওয়ার কথা প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা, অভিনেতা প্রকাশ রাজ প্রমুখের।
বিকাশ, জহর, প্রাক্তন দুই উপাচার্য পবিত্র সরকার, অশোকনাথ বসু শনিবার অভিযোগ করেছেন, কনভেনশনের জন্য নির্দিষ্ট টাকা দিয়ে কলা মন্দির ‘বুকিং’ করা হলেও, শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। তাই কনভেনশন হবে এ জে সি বোস রোডে ‘বুদ্ধদেব ভট্টাচার্য সাংস্কৃতিক কেন্দ্রে’ (বিবিসিসিআর)। বিকাশদের অভিযোগ, প্রাথমিক ভাবে অ্যাকাডেমি অব ফাইন আর্টসে শনিবার সাংবাদিক সম্মেলন করার কথা থাকলেও সম্মেলন ‘কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে’ যাবে বলে তা করতে দেওয়া হয়নি। প্রাক্তন সাংসদ বিকাশের দাবি, “আন্দোলনের জন্যই সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন এখন একটু ‘ব্যাক-ফুটে’। কিন্তু এই রাজ্যে এসআইআর-কে নাগরিকত্বের সঙ্গে জুড়ে দিয়ে বিজেপি সরকার প্রান্তিক মানুষকে সরকারি প্রকল্প থেকে বাদ দিচ্ছে। আমরা জনতার কাছে আসল সত্যিটা তুলে ধরতে চাই বলেই কনভেনশন হবে।” ফর্ম-৬ সংক্রান্ত বিষয় নিয়ে কমিশনকে নিশানা করার পাশাপাশি জহরের তোপ, “উনি (অমিত শাহ) সব কিছুতে অনুপ্রবেশ দেখেন। এসআইআর করে ক’জন অনুপ্রবেশকারী পেলেন, তা বলুন!”
অব্যাহত পথের প্রতিবাদও। ‘অবৈধ’ এসআইআর বাতিল, জ্ঞানেশের পদত্যাগ-সহ বিভিন্ন দাবিতে এ দিন এআইসিসি সদস্য প্রদীপ প্রসাদের নেতৃত্বে হাজরা মোড় থেকে যদুবাবুর বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল হয়েছে। একই দাবিতে এপিডিআর, ভোটাধিকার রক্ষা মঞ্চ-সহ বিভিন্ন সংগঠন কলেজ স্ট্রিট থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল করেছে। ধর্মতলা পর্যন্ত মিছিল যাওয়ার কথা থাকলেও পথে পুলিশ বাধা দেয়। এরই সঙ্গে, আজ, রবিবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। পাশাপাশি, ‘ভারত জোড়ো অভিযানে’র তরফে মৌলালি যুবকেন্দ্রে আজই ডাক দেওয়া হয়েছে কনভেনশনের।