হাই কোর্টে বিস্ফোরক অভিযোগ অরূপ বিশ্বাসের। তাঁকে খুনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। অরূপের অভিযোগ, হাইকোর্টের নির্দেশ মতো তিনি বিধাননগর পুলিশে হাজিরা দিয়ে ফিরছিলেন। সেই সময় তাঁকে অনেক সাংবাদমাধ্যম ধাওয়া করে। আলিপুর আদালতে পৌঁছোতেই তাঁকে হেনস্থা করা হয়। খুনের চেষ্টাও করা হয় বলে দাবি প্রাক্তন মন্ত্রীর।
অরূপের অভিযোগ শুনে বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, হাই কোর্ট তাঁকে রক্ষাকবচ দিয়েছে। আবার তাড়াতাড়ি শুনানির কী আছে? তখন প্রাক্তন মন্ত্রীর আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, এটি আলাদা ঘটনা। তাঁর মক্কেলকে খুনের চেষ্টা হচ্ছে। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
মেসি-কাণ্ডে তিন বার হাজিরা এড়ানোর পর আদালতের নির্দেশে মঙ্গলবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ। অরূপের বিরুদ্ধে এফআইআর করেছিলেন আয়োজক শতদ্রু দত্ত। এর আগে গত ১৮ এবং ২২ জুন পুলিশের তলবে হাজিরা দিয়েছিলেন অরূপ।
উল্লেখ্য, মেসি-কাণ্ডে আগামী ১৭ অগস্ট পর্যন্ত আদালত থেকে রক্ষাকবচ পেয়েছেন অরূপ। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, তদন্তে সহযোগিতা করতে হবে প্রাক্তন মন্ত্রীকে। ওই সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যাবে না। যদি নোটিসে সাড়া না দেন তবে বিষয়টি আদালতের নজরে আনতে পারবে পুলিশ। আদালতের অনুমতি ছাড়া অরূপ এলাকার বাইরে যেতে পারবেন না বলেও নির্দেশ দেয় হাই কোর্ট।