পুজোর মধ্যেই পালিত হল আজ়াদ হিন্দ সরকারের ৮৩তম প্রতিষ্ঠা দিবস। ফরওয়ার্ড ব্লক, জয়হিন্দ দেশপ্রেমী মঞ্চ-সহ বিভিন্ন সংগঠনের পাশাপাশি কলকাতায় দিনটি স্মরণ করা হয়েছে লোকভবন (রাজভবনের বর্তমান নাম), বিজেপি নেতৃত্বের একাংশের তরফেও।
ফ ব-র তরফে বুধবার রেড রোড ও মেয়ো রোডের সংযোগস্থলে থাকা ‘আজ়াদ হিন্দ শহিদ স্মারক স্তম্ভ’ এবং রেড রোডে সুভাষচন্দ্র বসুর মূর্তিতে শ্রদ্ধা জানানো হয়। ছিলেন দলের সাধারণ সম্পাদক জি দেবরাজন, দলের নেতা ডলি রায়, অসীম সিন্হা, জীবন সাহা, নারায়ণ সাহা প্রমুখ। ‘দেশপ্রেমী মঞ্চে’র তরফে অভিনেত্রী পাপিয়া দেবরাজন-সহ অন্যেরাও স্মারক স্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন।
লোকভবনের তরফেও সুভাষচন্দ্র এবং আজ়াদ হিন্দ ফৌজের সেনাদের শ্রদ্ধা জানিয়ে বলা হয়েছে, ‘সুভাষচন্দ্রের আদর্শ এবং ভারতের স্বাধীনতায় আজ়াদ হিন্দ ফৌজের অতুলনীয় অবদান ২০৪৭-এর মধ্যে এক শক্তিশালী, আত্মনির্ভর বিকশিত ভারত গড়ে তুলতে প্রজন্ম থেকে প্রজন্মকে চিরকাল অনুপ্রাণিত করবে।’
সাম্প্রতিক সময়ে, বিজেপির বিভিন্ন নেতাদের বিরুদ্ধে সুভাষচন্দ্রকে অবমাননা করার ধারাবাহিক অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে সরব রয়েছে ফ ব-ও। তাৎপর্যপূর্ণ ভাবে জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার সুরোলিয়া-সহ শাসক দলের নেতৃত্বের একাংশও এই দিনটিতে শ্রদ্ধা জানিয়েছেন। রাজেশ বলেছেন, “১৯৪৩ সালের আজকের দিনেই সুদূর সিঙ্গাপুরে দাঁড়িয়ে সুভাষচন্দ্র অস্থায়ী স্বাধীন সরকার গঠনের কথা ঘোষণা করেছিলেন, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের মোড় ঘুরিয়ে দিয়েছিল।”