Advertisement
E-Paper

দিল্লির এমসে ভর্তি বিমান বসু! সিপিএম জানাল, রুটিন চেকআপের জন্যই হাসপাতালে বামফ্রন্ট চেয়ারম্যান

গত মার্চে রাজ্যের তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ অগ্রবালের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ চালায় বামেরা। সে সময় উপস্থিত ছিলেন বিমানও। তবে চিকিৎসকদের নিষেধাজ্ঞার কারণে তিনি রাত জাগতে পারেননি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ২৩:২০
বিমান বসু।

বিমান বসু। — ফাইল চিত্র।

হাসপাতালে চিকিৎসাধীন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দিল্লির এমসে ভর্তি করানো হয়েছে ৮৬ বছরের সিপিএম নেতাকে। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, রুটিন চেকআপের জন্যই বিমান হাসপাতালে। তবে সিপিএম সূত্রে খবর, প্রবীণ নেতার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে।

২০২৪ সালের শেষে অসুস্থতার কারণে বিমানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার পর থেকে চিকিৎসকদের কড়া অনুশাসনে ছিলেন তিনি। গত মার্চে রাজ্যের তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ অগ্রবালের দফতরের সামনে অবস্থান-বিক্ষোভ চালায় বামেরা। সে সময় উপস্থিত ছিলেন বিমানও। তবে চিকিৎসকদের নিষেধাজ্ঞার কারণে তিনি রাত জাগতে পারেননি। সেই নিয়ে তাঁর গলায় আক্ষেপ শোনা গিয়েছিল। বিমান বলেন, ‘‘১৯৭১ সাল থেকে কলকাতায় যত নৈশকালীন অভিযান হয়েছে, সব ক’টিতে আমি ছিলাম। কিন্তু এই প্রথম আমি থাকতে পারলাম না।’’

বছর সাতেক আগেও রানি রাসমণি রোডে সিপিএমের সারা রাতের একটি কর্মসূচিতে বিমান শুধু নিজে জাগেননি, হাজির থাকা কর্মীদের কানের কাছে লাঠির খোঁচা দিয়ে জাগিয়ে তুলেছিলেন।

দীর্ঘ পদযাত্রার জন্য সিপিএমের অন্দরে বিমান ‘হন্টনের হেডমাস্টার’ বলে খ্যাত। তবে তাঁর যে বয়স বাড়ছে তা বোঝা গিয়েছিল ২০২২ সালে। ধর্মীয় অশান্তির বিরুদ্ধে বামেদের ডাকা শান্তি মিছিল হয়েছিল হুগলির কোন্নগর বাটা মোড় থেকে উত্তরপাড়া গৌরী স্টপেজ পর্যন্ত। কিন্তু আধঘণ্টা হেঁটে হুডখোলা গাড়িতে উঠে পড়েছিলেন বিমান। ২০২৪ সালে অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে ছিলেন চিকিৎসকদের নজরদারিতে।

Biman Bose

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy