নদিয়ার কল্যাণীতে চলছে সিপিএমের রাজ্য কমিটির দু’দিনের বর্ধিত অধিবেশন। যা কার্যত মিনি রাজ্য সম্মেলন। দলের সব জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য ও গণসংগঠনের রাজ্য নেতৃত্ব মিলিয়ে যোগ দিয়েছেন ৩৫৫ জন। উপস্থিত আছেন সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য তপন সেন, নীলোৎপল বসু, মরিয়ম ধওয়লে এবং বর্ষীয়ান নেতা সূর্যকান্ত মিশ্র ও বৃন্দা কারাট। কিন্তু নেই বিমান বসু। স্মরণযোগ্য কালের মধ্যে এই প্রথম বার সিপিএমের কোনও বড় বৈঠক বা সম্মেলনে উপস্থিত থাকা হল না তাঁর। পেসমেকার বসার পরে বর্ষীয়ান বাম নেতা আপাতত দিল্লিতেই বিশ্রামে। আগামী সপ্তাহে তাঁর কলকাতায় ফেরার কথা। দলের রাজ্য কমিটির এক সদস্যের কথায়, ‘‘এই রকম অধিবেশন হচ্ছে কিন্তু বিমানদা সেখানে নেই, ভাবাই যায় না! তবে না-থাকলেও ওঁর মন পড়ে আছে এখানেই।’’