সরকারের প্রধান হিসেবে একটানা ২৫ বছরের কার্যকাল। নরেন্দ্র মোদীর এই ‘অনন্য’ প্রশাসনিক যাত্রাপথের বিরাট উদ্যাপন পরিকল্পনা ঘোষণা করল বিজেপি। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে মোদীর নিরবচ্ছিন্ন কার্যকালের ২৫ বছর পূর্তি পালন করা হবে ‘সেবা সঙ্কল্প অভিযানে’র মাধ্যমে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে এক মাস ধরে চলবে সে কর্মসূচি। ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
সোমবার রাজ্য বিজেপির বিধাননগর কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে ‘সেবা সঙ্কল্প অভিযানে’র কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘প্রশাসনের সর্বোচ্চ পদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে পালিত হবে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’। পশ্চিমবঙ্গেও বুথ থেকে জেলা স্তর পর্যন্ত এই কর্মসূচি ব্যাপক ভাবে পালন করা হবে।’’
প্রথমে একটানা ১৩ বছর গুজরাতের মুখ্যমন্ত্রী। তার পরে একটা ১২ বছর দেশের প্রধানমন্ত্রী। এ ভাবে টানা ২৫ বছর সরকারের প্রধান হিসেবে কাজ করে যাওয়ার রেকর্ড ভারতে আর কোনও রাজনৈতিক নেতার নেই। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মোদী। সেই পদে থাকাকালীনই ২০১৪ সালে তাঁকে ‘প্রধানমন্ত্রী মুখ’ ঘোষণা করে বিজেপি ভোটে লড়ে। ভারতের ইতিহাসে সেই প্রথম বার বিজেপি লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। গুজরাতের মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে মোদী ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নেন। সে পদেও ১২ বছর কাটিয়ে ফেলেছেন। ফলে সরকারের প্রধান হিসেবে একটানা কাজ করে যাওয়ার ২৫ বছর পূর্ণ হচ্ছে আগামী ৭ অক্টোবর। শমীকের কথায়, ‘‘সম্পূর্ণ স্বাভাবিক ও গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে এত দীর্ঘ সময় প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার নজির ভারতীয় রাজনীতিতে অনন্য। এই ২৫ বছরের প্রশাসনিক যাত্রা এবং এই সময়ে দেশের মানুষের জন্য নেওয়া বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করা হচ্ছে।’’ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। সেই তারিখ থেকে এক মাস, অর্থাৎ ১৭ অক্টোবর পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রতিটি বুথ, মণ্ডল, ব্লক, মহকুমা এবং জেলা স্তরে এই কর্মসূচি পালন করা হবে। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর প্রতিটি জেলা সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে নিজ নিজ জেলার কর্মসূচির বিস্তারিত রূপরেখা ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে ১৭ সেপ্টেম্বর প্রদীপ জ্বালানোর কর্মসূচি ঘোষণা করেছেন শমীক। গোটা দেশেই এই কর্মসূচি পালন করবে বিজেপি। শমীক জানান, গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও প্রতিটি বুথে যাতে অন্তত ২৫টি করে ‘আশীর্বাদ প্রদীপ’ জ্বালানো হয়, সেই লক্ষ্যে বিজেপি কর্মীরা কাজ করছেন। এর পাশাপাশি থাকছে, ‘নমো সেবা গাথা’ ও ‘সেবা জ্যোতি যাত্রা’। ‘নমো সেবা গাথা’র মাধ্যমে বিভিন্ন স্তরে প্রধানমন্ত্রীর প্রশাসনিক কর্মযজ্ঞ এবং জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরা হবে। ‘সেবা জ্যোতি যাত্রা’র মাধ্যমে জেলা ও মণ্ডল স্তর থেকে এই কর্মসূচিকে বিকেন্দ্রীকৃত ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। মোদীর ২৫ বছরের প্রশাসনিক যাত্রা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রকাশ করা হবে একটি তথ্যচিত্র ও থিম সং। শমীক বলেন, ‘‘শুধু রাজনৈতিক প্রচার নয়, এই একটা মাসকে মানুষের পাশে দাঁড়ানোর একটি সেবামূলক মাসে পরিণত করা হবে।’’
এ সবের পাশাপাশি থাকছে নিজের এলাকা পরিচ্ছন্ন রাখা, প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, নদী ও জলাধার সংস্কার, জল সংরক্ষণ, বর্জ্য পৃথকীকরণ-সহ বিভিন্ন কাজে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ। ‘সেবা সেতু অভিযান’-এ সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দরজায় পৌঁছে দিতে সক্রিয় হবেন বিজেপি কর্মীরা। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে যাঁরা বঞ্চিত, তাঁদের সহায়তা করা হবে তিন দিনের বিশেষ শিবিরের মাধ্যমে। প্রত্যেক ব্লকে এই শিবির হবে এবং পরে তা বুথ স্তর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আবেদনপত্র পূরণ, ডিজিটাল প্রক্রিয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদানের কাজে সাধারণ মানুষকে সহযোগিতা করা হবে।