রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার তথা কালীঘাট তৃণমূলের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। অভিযোগ তুললেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী। বৃহস্পতিবার তিনি বিষয়টি বিধানসভায় উত্থাপন করেন। এই বিষয়ে তদন্তের জন্য বর্তমান স্পিকার রথীন্দ্র বসুর কাছে আর্জি জানাবেন বলে জানিয়েছেন কৌস্তভ।
কৌস্তভের অভিযোগ, বিমানের ‘অত্যন্ত ঘনিষ্ঠ’ মইসুদ্দিন মণ্ডল নামের এক ব্যক্তিকে বিধানসভার ডেপুটি সিকিউরিটি পদে নিয়োগ করা হয়েছিল। সেই ব্যক্তি বিধানসভার কাজ ছাড়াও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করতেন বলে অভিযোগ। কৌস্তভের এ-ও অভিযোগ যে, পুজোর সময় পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে গাড়িটি ব্যবহার করতেন মইসুদ্দিন। বেসরকারি পেট্রল পাম্প থেকে তেলও ভরাতেন।
আরও পড়ুন:
কৌস্তভের দাবি, বিমানের ‘ঘনিষ্ঠ’ এই ব্যক্তির বিধানসভার একাধিক কর্মীকে হুমকি দিতেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় তাঁর ঘরের সামনে ‘হাওয়াই চটির স্তূপ’ রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই ব্যক্তি সেই কাজে নেতৃত্ব দিয়েছিলেন বলে দাবি করেন কৌস্তভ। ব্যারাকপুরের বিজেপি বিধায়ক বলেন, ‘‘তৃণমূল বিগত পনেরো বছরে শুধু চুরি-জোচ্চুরি করেনি। বিধানসভার গাড়ি অনৈতিক ভাবে ব্যবহার করার মতো কাজও করা হয়েছে।’’
অভিযোগ প্রসঙ্গে বিমান বলেন, “আমার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সর্বৈব মিথ্যা। আমি নিয়মবিরুদ্ধ কোনও কাজ করিনি।”