রাজ্যে পালাবদলের পরে শিল্পায়নের প্রশ্নটি নিয়ে নতুন করে যখন চর্চা হচ্ছে, সেই আবহে এ বার আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে রবিবার সন্ধ্যায় দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। দু’জনের মধ্যে দীর্ঘ ক্ষণ কথা হয়েছে। আলোচনা থেকে বেরিয়ে শমীক বলেছেন, “আদিত্য বিড়লাকে নিগ্রহ করে এই রাজ্য থেকে বার করে দিয়েছিল সিটু। তিনি আর রাজ্যে ফেরেননি। তবে বাংলার প্রতি আবেগ থেকে দূরে সরে যাননি বিড়লারা। কুমার মঙ্গলম বিড়লাকে চিঠি লিখে রাজ্যে বিনিয়োগ করার আমন্ত্রণ জানিয়েছিলাম। উনি এই রাজ্যে বিনিয়োগ করতে উৎসাহী। আগামী কাল মুখ্যমন্ত্রীর সঙ্গে ওঁর দেখা হতে পারে।” বিজেপির রাজ্য সভাপতির আরও দাবি, শিল্প-বান্ধব পরিবেশ পেলে আগামী দিনে ওই শিল্প-গোষ্ঠী তাদের বিভিন্ন সংস্থার সম্প্রসারণও করতে পারে।