Advertisement
E-Paper

কলকাতা হাই কোর্টের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন রবীন্দ্র ভি ঘুগে, বুধবার শপথগ্রহণ হাই কোর্টে

বুধবার সকালে নিয়ম মেনেই কলকাতা হাই কোর্টে শপথ গ্রহণ করাবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ কেন্দ্র থেকে আগত অন্তত ১০০ জন অতিথি। আমন্ত্রিত রাজ্যের বিরোধী দলনেতাও।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০২
বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে।

বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। গ্রাফিক : আনন্দবাজার ডট কম।

অবশেষে কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হচ্ছেন রবীন্দ্র ভি ঘুগে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের প্রায় এক মাস পর, শনিবার কেন্দ্রীয় সরকার বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এত দিন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।

কলকাতা হাই কোর্ট ছাড়াও দেশের আরও সাতটি হাইকোর্টে প্রধান বিচারপতি নিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘবাল এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই নিয়োগের কথা জানিয়েছেন।

গত ৬ অগস্ট বিচারপতি ঘুগেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। গত শনিবার সেই সুপারিশেই অনুমোদন দিয়েছে কেন্দ্র।

বুধবার সকাল ১০টা নাগাদ নিয়ম মেনেই কলকাতা হাই কোর্টে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণ করাবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ কেন্দ্র থেকে আগত অন্তত ১০০ জন অতিথি। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকেও।

১৯৯০ সালে ছত্রপতী সম্ভাজীনগরের (পূর্বতন ঔরঙ্গাবাদ) এমপি ল’ কলেজ থেকে পড়াশোনা শেষ করে ওই বছরেই আইনজীবী হিসেবে বম্বে হাই কোর্টে কর্মজীবন শুরু করেন ঘুগে। কর্মজীবনের শুরুতে বহু শ্রমিক সংগঠন ও শ্রমিকদের হয়ে হাজার দুয়েক মামলায় সওয়াল করেছিলেন ঘুগে। এ ছাড়া প্রায় ২৫০টি কর্পোরেট ও বহুজাতিক সংস্থার হয়েও আদালতে সওয়াল করেছেন তিনি।

আইনজীবী হিসেবে কাজ করার পাশাপাশি বিচারপতি ঘুগে ড. বাবাসাহেব আম্বেডকর মরাঠওয়াডা বিদ্যাপীঠে অতিথি অধ্যাপক হিসেবে শিক্ষকতাও করেছেন। উল্লেখ্য, তাঁর বাবা ভি বি ঘুগে ছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। একই সঙ্গে, রবীন্দ্র ঘুগে ঔরঙ্গাবাদের বার অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিয়াল লয়ার্স-এর সচিব ও সভাপতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদেও ছিলেন।

২০১৩ সালের ২১ জুন বম্বে হাই কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন ঘুগে। এর পর ২০২৬ সালের জুন মাসে বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান তিনি।

Calcutta High Court chief justice

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy