Advertisement
E-Paper

অম্বানীর বাড়ির গণেশপুজোয় মুখ্যমন্ত্রী, শুভেন্দুর মুম্বই সফর ঘিরে শিল্পমহলে শুরু জল্পনা, শুধুই কি ‘সৌজন্য সাক্ষাৎ’

মে মাসে নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যে বড় শিল্পের বিনিয়োগ আনার লক্ষ্যে মুখ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রী তাপস রায় উদ্যোগী হয়েছেন। সেই প্রেক্ষাপটে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী অম্বানীদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫২
Chief Minister Suvendu Adhikari at Ambani’s Ganesh Puja, Speculation Grows in Industry Circles over Mumbai Visit

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত।

অনন্ত অম্বানীর বাড়ির গণেশচতুর্থীর অনুষ্ঠানে যোগ দিতে সোমবার মুম্বই গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার দুপুরে নিউ টাউনে নির্ধারিত অনুষ্ঠান সেরে মুম্বইয়ের বিমান ধরেন তিনি। মুম্বই যাওয়ার আগে মুখ্যমন্ত্রীকে এই সফর নিয়ে প্রশ্ন করা হলে কোনও স্পষ্ট জবাব দেননি তিনি। তবে তাঁর এই সংক্ষিপ্ত সফরকে নিছক ‘সৌজন্য সাক্ষাৎ’ হিসেবে দেখছে না প্রশাসনিক মহল।

গত মে মাসে নতুন সরকার গঠনের পর থেকেই রাজ্যে বড় শিল্পের বিনিয়োগ আনার লক্ষ্যে মুখ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রী তাপস রায় উদ্যোগী হয়েছেন। সেই প্রেক্ষাপটে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী অম্বানীদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, অনন্তের বাড়ির অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি শিল্প সংক্রান্ত সম্ভাব্য যোগাযোগও এই সফরের অন্যতম উদ্দেশ্য হতে পারে। যদিও সরকারি ভাবে এখনও এই সফরের সঙ্গে কোনও বিনিয়োগ প্রস্তাব বা শিল্প প্রকল্পের যোগসূত্রের কথা জানানো হয়নি।

মুখ্যমন্ত্রী অবশ্য অনুষ্ঠানে দিয়ে রাতেই কলকাতায় ফিরে আসবেন বলে জানা গিয়েছে। ফলে সফরের সময়সীমা অত্যন্ত সংক্ষিপ্ত। তা সত্ত্বেও এই সফরকে ঘিরে রাজ্যের শিল্পমহলে প্রত্যাশা তৈরি হয়েছে। শিল্পমহলের একাংশের বক্তব্য, অতীতে রাজনৈতিক অস্থিরতা, জমি-নীতি এবং শিল্প স্থাপনের নানা জটিলতার কারণে পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগের ক্ষেত্রে অনীহা দেখা দিয়েছিল। দীর্ঘ সময় ধরে শিল্পের পরিকাঠামো ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিয়ে প্রশ্নও উঠেছে।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যে শিল্পায়নকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ এবং নতুন প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখার কাজ চলছে। এই পরিস্থিতিতে অম্বানীদের মতো বৃহৎ শিল্পগোষ্ঠী যদি পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়ে আগ্রহ দেখায়, তা হলে রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে বলেই মনে করছে শিল্পমহলের একাংশ। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, জ্বালানি, পরিকাঠামো এবং পরিষেবা ক্ষেত্রে বড় লগ্নির সম্ভাবনা নিয়ে শিল্পমহলে আলোচনা চলছে। তবে শেষপর্যন্ত যে কোনও সিদ্ধান্ত নির্ভর করবে অম্বানী গোষ্ঠীর নিজস্ব পরিকল্পনা ও রাজ্যের প্রস্তাবের উপর।

Suvendu Adhikari Mukesh Ambani Ganesh Puja ganesh chaturthi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy