আবহাওয়া খারাপ থাকায় পাহাড়ে নামতে পারল না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার। তাঁকে নিয়ে বেশ কিছু ক্ষণ কালিম্পঙের আকাশে চক্কর কাটে হেলিকপ্টারটি। তার পরে আবার ফিরে আসে উত্তরকন্যার পাশে ভিডিয়োকনের মাঠে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, উত্তরকন্যা থেকেই ভার্চুয়াল বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার দুপুরে কালিম্পঙে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই মতো হেলিকপ্টারে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু পাহাড়ে আবহাওয়া খারাপ থাকায় অবতরণে সমস্যা হয়। মাঝআকাশেই চক্কর কাটতে থাকে হেলিকপ্টারটি।
প্রথম চেষ্টায় মুখ্যমন্ত্রী শুভেন্দুর হেলিকপ্টার কালিম্পঙে অবতরণে ব্যর্থ হওয়ার পরে পুনরায় চেষ্টা করা হয়৷ দ্বিতীয় বারেও ব্যর্থ হওয়ায় আর ঝুঁকি নেওয়া হয়নি। কপ্টারটি ঘুরিয়ে সমতলের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
হেলিকপ্টারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: ভিডিয়ো থেকে।
শেষে উত্তরকন্যার পাশে ভিডিয়োকনের মাঠে শুভেন্দুর হেলিকপ্টার অবতরণ করানো হয়। সেখান থেকে উত্তরকন্যায় প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, উত্তরকন্যা থেকেই ভার্চুয়াল বৈঠক করতে পারেন তিনি।
আরও পড়ুন:
পূর্বপরিকল্পিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে কালিম্পঙে পৌঁছোনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেখানে কালিম্পঙ টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কালিম্পঙে প্রশাসনিক বৈঠকও করার কথা ছিল। তবে উদ্ভূত পরিস্থিতিতে উত্তরকন্যা থেকে ভার্চুয়ালি-ই সেই কর্মসূচির আয়োজন করা হচ্ছে বলে সূত্রের খবর।
বস্তুত, এ দিন উত্তরকন্যাতেও মুখ্যমন্ত্রীর পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। কালিম্পঙের কর্মসূচি সেরে তাঁর উত্তরকন্যাতেই ফেরার কথা ছিল। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও রয়েছে মঙ্গলবার।