আজ, বুধবার রাজ্যে জনগণনার কাজ শুরুর প্রাক্কালে ত্রাহি-ত্রাহি দশা রাজ্যের বিশ্ববিদ্যালয়েও। স্কুলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদেরও জনগণনার কাজ সারার জন্য নিশানা করেছে রাজ্য সরকার। কলকাতার পুর কর্তৃপক্ষের নির্দেশে যেমন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের এ কাজে ডাকা হয়েছে। আজ, বুধবারই যাদবপুরে স্নাতকে পদার্থবিদ্যা ও ভূগোলের ভর্তি। এই মাসে দফায় দফায় বিভিন্ন বিভাগে স্নাতকে ভর্তি প্রক্রিয়া চলবে। এই অবস্থায় শিক্ষাকর্মীদের অন্য কাজে লাগানো হলে সব কিছু সুষ্ঠু ভাবে কী করে চলবে তা নিয়ে উদ্বিগ্ন কর্তৃপক্ষ। যেমন যাদবপুরেই এখন অনুমোদিত ১৫৫৯ জন শিক্ষাকর্মীর মধ্যে ৬৮৫টি শূন্য পদ। কর্মরত মাত্র ৮৭৪ জন। তাঁদের মধ্যে ২০৯ জনকে জনগণনার কাজে ডাকা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় কী ভাবে চালু থাকবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বা জুটা।