এক বছরের মাথায় ফের লালবাজার অভিযানের ডাক দিল প্রদেশ কংগ্রেস। আইনের শাসন প্রতিষ্ঠার নামে রাজনৈতিক কর্মসূচি থেকে প্রতিবাদীদের গ্রেফতার এবং দলের কর্মী-সমর্থকদের উপরে বিজেপি-র হামলার প্রতিবাদে আগামী ৫ অগস্ট কলেজ স্কোয়ার থেকে লালবাজার অভিমুখে মিছিলের কর্মসূচি নিয়েছে তারা। পাশাপাশি, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও এআইসিসি-র নবনিযুক্ত পর্যবেক্ষক প্রকাশ জোশীর সঙ্গে সোমবার দিল্লিতে বৈঠক করেছেন এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল।
অনেক বছর পরে এ বার ২১ জুলাই শহিদ মিনার ময়দানে বড় আকারে ‘শহিদ সমাবেশ’ করেছে প্রদেশ কংগ্রেস। সেই সমাবেশে যোগ দিতে আসার পথে কংগ্রেসের কর্মী-সমর্থকদের উপরে নানা জেলায় হামলার অভিযোগ উঠেছিল। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, কোথাও বিজেপির পতাকা নিয়ে, কোথাও পতাকা ছাড়া আক্রমণ করা হয়েছে। কংগ্রেসের সমাবেশমুখী গাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে, বিরিয়ানির হাঁড়ি লুট করা হয়েছে! পুলিশ ব্যবস্থা নেয়নি। এর পরে নিট-কেলেঙ্কারির প্রতিবাদে কলকাতায় ছাত্র মিছিলের শেষে পুলিশ ও সাংবাদিকদের উপরে হামলার যে ঘটনা ঘটেছে, তার জেরে কংগ্রেসের কিছু কর্মীকে গ্রেফতার করা হয়েছে। যদিও সে দিন কংগ্রেসের প্রতিবাদ হয়েছিল পৃথক ভাবে, ধর্মতলায় অন্যান্য সংগঠনের থেকে দূরত্ব রেখেই তাদের মিছিল শেয হয়েছিল। এই প্রেক্ষিতেই শুভঙ্কর বলেছেন, ‘‘নতুন সরকার এসে আইনের শাসনের পথে যাবে বলে মানুষ আশা করেছিলেন। কিন্তু অগণতান্ত্রিক আচরণ করছে শাসক দল, বিরোধীদের উপরে হামলা হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি ও মিথ্যা মামলার প্রতিবাদে আগামী ৫ অগস্ট শান্তিপূর্ণ ভাবে মিছিল করে আমরা কলকাতা পুলিশের পদাধিকারীদের কাছে দাবিপত্র দেব।’’ প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরে যে ডিম-বিক্ষোভ প্রবল ভাবে ছড়িয়ে পড়েছে, তার আগে গত বছর জুলাইয়ে কংগ্রেসের লালবাজার অভিযানেই ডিম ছোড়ার ঘটনা দেখা গিয়েছিল।
সূত্রের খবর, দিল্লিতে বেণুগোপাল এবং এআইসিসি সম্পাদকদের সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির বৈঠকে ‘সংগঠন সৃজন’ কর্মসূচিতে কী ভাবে সাংগঠনিক পুনগর্ঠন হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। এআইসিসি নেতৃত্বের কিছু কড়া প্রশ্নের মুখেও পড়তে হয়েছে প্রদেশ নেতৃত্বকে। আগামী বছরের ব্রিগেড সমাবেশের লক্ষ্যে এখন থেকে প্রস্তুতি শুরু করার কথাও বলেছেন প্রদেশ সভাপতি। কংগ্রেস সূত্রের খবর, লালবাজার অভিযানের দু’দিন আগেই ফের রাজ্যে আসতে পারেন এআইসিসি পর্যবেক্ষক জোশী।