নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে ও পরের হিংসাত্মক ঘটনা নিয়ে এ বার রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের কাছে চিঠি দিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার নন্দীগ্রামে হিংসার ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোযীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা এবং আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। নন্দীগ্রামের সোনাচুড়া, আমদাবাদ, রেয়াপাড়া, ভেকুটিয়া, কেন্দামারি, সামসাবাদ, নৈনান অঞ্চলের বাসিন্দা ১১ জন আহত ও ক্ষতিগ্রস্তদের নামের তালিকা সংবলিত তথ্যও দেওয়া হয়েছে কমিশনের কাছে। কংগ্রেসের চিঠিতে বলা হয়েছে, নন্দীগ্রামে উপনির্বাচনের আগে ও পরে হিংসার ঘটনায় বেশ কয়েক জন ব্যক্তি আহত হয়েছেন বলে অভিযোগ আছে। এই ঘটনায় নাগরিকদের মৌলিক অধিকার, ব্যক্তিগত নিরাপত্তা এবং ভয়মুক্ত ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কমিশনের কাছে ৭ দফা দাবি জানিয়ে কংগ্রেসের বক্তব্য, প্রতিটি নাগরিকের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। কোনও ভুক্তভোগী যাতে ‘রাজনৈতিক কারণে’ বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে কমিশনের দ্রুত পদক্ষেপের আর্জি জানিয়েছেন প্রদেশ সভাপতি। রেজিনগরে উপনির্বাচনের আগে তাঁদের কর্মী-সমর্থকদের পুলিশ দিয়ে হেনস্থার অভিযোগ মানবাধিকার কমিশনে জানিয়েছিলেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান ও বিধায়ক হুমায়ুন কবীরও।