দেশের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে রবিবার সকাল ১০টায় বাঁশদ্রোণীতে কর্মসূচি করেছিল কংগ্রেস। তাদের অভিযোগ, এর ঘণ্টা দুয়েকের মধ্যে বাঁশদ্রোণীর সত্যজিৎ পার্ক এলাকায় থাকা দলের দফতর থেকে কংগ্রেসের সাইন বোর্ড, পতাকা সরিয়ে বিজেপি-র পতাকা টাঙানো হয়েছে। এমনকি, গেরুয়া রংও করে দেওয়া হয়েছে।
কংগ্রেসের ১১৩ নম্বর ওয়ার্ডের কার্যালয়। —নিজস্ব চিত্র।
স্থানীয় কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ‘জ্ঞানেশের ইস্তফার দাবি তোলায় বিজেপির গায়ে ফোস্কা পড়েছে। তাই এই ঘটনা।’ পাশাপাশি, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, “বিধানসভা ভোটের ফলপ্রকাশের পরে থেকেই বিরোধীদের দফতর দখল চলছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন, এঁরা ওঁদের দলের কেউ নন। কংগ্রেসের দফতর দখল করলেন যাঁরা, তাঁরা আসল বিজেপি না-হলে আসল কে?” দফতরটি ২৪ ঘণ্টার মধ্যে ফেরত চেয়ে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্ব। একই সঙ্গে তাঁরা বাঁশদ্রোণী থানাতেও অভিযোগ করেছেন। ঘটনার প্রতিবাদে হয়েছে পথসভা।