ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে মেজাজ হারালেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর রোষানলে পড়লেন শিশুর জন্য স্টোভে দুধ গরম করা পার্ক স্ট্রিটের ফুটপাতবাসী প্রৌঢ়া। মন্ত্রী সদলবদলে ফুটপাতে গিয়েছিলেন। সেখানেই একটি স্টোভ জ্বলতে দেখে প্রৌঢ়াকে জিজ্ঞাসা করেন, কী চলছে। প্রৌঢ়া বলেন, “রান্না করিনি। বাচ্চার জন্য দুধ গরম করছি।” অদূরেই একটি শিশু হামাগুড়ি দিচ্ছিল। এর পরেই দৃশ্যত অগ্নিশর্মা মন্ত্রী বলেছেন, “ফুটপাতে বাচ্চার দুধ গরম হবে? পার্ক স্ট্রিটে?” প্রৌঢ়ার কিছু জিনিসপত্র ফেলে দিতেও দেখা যায় মন্ত্রীকে। বলতে থাকেন, “এখানে সংসার পাতার অধিকার কে দিয়েছে?” প্রৌঢ়ার বাড়ি কোথায় জানতে চেয়েছেন মন্ত্রী। পুরো ঘটনার ভিডিয়ো অগ্নিমিত্রা সমাজমাধ্যমে পোস্ট করার পরে তাঁর আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মন্ত্রীর বক্তব্য, “এই ভাবে বসবাস করা নিরাপদ নয়। ফুটপাত মানুষের নিরাপদে হাঁটাচলার জন্য তৈরি। কিন্তু এই ভাবে ফুটপাত দখল করে বসবাস শুরু হলে ধীরে ধীরে কলকাতার প্রতিটি রাস্তা ও ফুটপাত দখল হয়ে যাবে।”