উৎসবের দিনগুলিতে কলকাতা পুলিশের সঙ্গে রাজ্য ট্র্যাফিক পুলিশের সমন্বয় বৃদ্ধি করতে চান ট্র্যাফিক পুলিশের কর্তারা। এ জন্য কলকাতা ট্র্যাফিক পুলিশের এক জন দক্ষ অফিসার বৃহস্পতিবার থেকে গঙ্গাসাগর মেলা পর্যন্ত রাজ্য ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে থাকবেন। প্রসঙ্গত, গত মাসেই সল্টলেকের আরক্ষা ভবনে চালু হয়েছে রাজ্য ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুম। গোটা রাজ্যের যান চলাচল সেখান থেকে নিয়ন্ত্রণ করা হয়।
লালবাজার জানিয়েছে, পুজোয় কলকাতা-সহ আশপাশের জেলা ও কমিশনারেটগুলিতে যান চলাচল যাতে মসৃণ থাকে, সে জন্য বুধবারবৈঠকে বসেছিলেন রাজ্য ট্র্যাফিক পুলিশ এবং কলকাতা ট্র্যাফিক পুলিশের কর্তারা। সেখানেই যান চলাচলের বিষয়ে কলকাতা এবং রাজ্য পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানোয় জোর দেওয়া হয়েছে। পুজোর সময়ে কলকাতায় লরি চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ব্যারাকপুর, হাওড়া এবং বিধাননগর কমিশনারেটের উপরে পণ্যবাহী গাড়ি দাঁড় করানোর দায়িত্ব বর্তায়। সেই বিষয়েযাতে যৌথ নজরদারি চালানো যায়, তা নিয়ে ওই দিনের বৈঠকে আলোচনা হয়েছে।
ওই দিনের বৈঠকে ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (ট্র্যাফিক) পাণ্ডে সন্তোষ, কলকাতা পুলিশের ডিসি (ট্র্যাফিক) সম্ভব জৈন, রাজ্য পুলিশের এডিজি (ট্র্যাফিক) ত্রিপুরারি অথর্ব। কলকাতা পুলিশের এক কর্তা জানান, রাজ্য ট্র্যাফিক পুলিশের কন্ট্রোল রুম থেকে এখন আগেই জানা যাবে, পার্শ্ববর্তী জেলায় যান চলাচলের কী পরিস্থিতি। পণ্যবাহী গাড়ি শহরে ঢোকার আগেই আটকাতে হলে দুই পুলিশ বিভাগ কথা বলে হোল্ডিং পয়েন্ট ঠিক করে নেবে বা বিকল্প রাস্তা থাকলে সেই পথে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে।