জেলবন্দি থাকাকালীন সিপিএম নেতা লাহেক আলিকে আপাতত অন্য কোনও মামলায় ধৃত হিসেবে দেখানো (শোন অ্যারেস্ট) যাবে না। সোমবার লাহেকের আগাম জামিনের মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লাহেককে ‘শোন অ্যারেস্ট’ করা যাবে না। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে জেরা করতে পারবে। প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনায় নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনার পরে এলাকায় অশান্তি হয়েছিল। সেই অশান্তিতে প্ররোচনা দেওয়ার একটি মামলায় লাহেককে গ্রেফতার করেছে পুলিশ। বাকি তিনটি মামলায় আগাম জামিন চেয়ে হাই কোর্টে মামলা করেছেন তিনি।
এ দিন লাহেকের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও সায়ন বন্দ্যোপাধ্যায় কোর্টে দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে লাহেককে গ্রেফতার করা হয়েছে। সব মামলাকে এক করে তাঁকে নতুন করে যেন গ্রেফতার না করা হয়। রাজ্যের কৌঁসুলি জানান, এই সংক্রান্ত আবেদন নিম্ন আদালতে বিচারাধীন। নিম্ন আদালতে সব মামলা এক করে বিচারের আবেদন জানানো হবে। তত দিন যেন আগাম জামিন মঞ্জুর না হয়। সব পক্ষের বক্তব্য শোনার পরে বিচারপতি জানান, আগাম জামিনের শুনানিও আপাতত স্থগিত থাকবে।