বিহারে বিধানসভা নির্বাচনের প্রচারে বাঙালি মুখও রাখছে সিপিএম। তবে যাঁরা হিন্দিতে সড়গড়, এমন নেতা-নেত্রীদেরই বেছে নেওয়া হয়েছে। বিহারে প্রচারের জন্য এখনও পর্যন্ত দায়িত্ব পেয়েছেন বঙ্গ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায় এবং ছাত্র সংগঠনের দুই নেত্রী দীপ্সিতা ধর ও ঐশী ঘোষ। সে রাজ্যে চারটি আসনে লড়ছে সিপিএম। বিরোধীদের মহাজোটে সিপিআই এবং সিপিআই (এম-এল) লিবারেশনও রয়েছে। প্রাথমিক ভাবে সিপিএমের আসনগুলির পাশাপাশি বামপন্থী প্রার্থী আছেন, এমন কেন্দ্রেই নজর দেওয়ার কথা বাংলার নেতা-নেত্রীদের। বিহারে রয়েছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য এবং সে রাজ্যে নির্বাচনে দলের অন্যতম সিনিয়র পর্যবেক্ষক অধীর চৌধুরীও।