তৃণমূল কংগ্রেস আমলে দলের নেত্রীরা আক্রমণের মুখে পড়তেন, সে কথা স্মরণ করিয়ে দিয়েই কালীঘাটপন্থী তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রকে ‘হেনস্থা’র যে অভিযোগ উঠেছে, তা নিয়েও সরব হল সিপিএমের গণসংগঠন গণতান্ত্রিক মহিলা সমিতি। স্বাধীনতা দিবসের আগের রাতে নদিয়ার সার্কিট হাউস থেকে ঘর ছাড়ার জন্য মহুয়াকে বলা হয়েছিল বলে অভিযোগ। এই প্রেক্ষিতেই মহিলা সমিতির রাজ্য সভাপতি জাহানারা খান এবং রাজ্য সম্পাদক মোনালিসা সিনহা রবিবার বিবৃতি দিয়ে বলেছেন, ‘আরএসএস-বিজেপির এক দল দুষ্কৃতী সাংসদ মহুয়াকে ঘিরে রেখে যে ভাবে বিক্ষোভ দেখিয়ে হেনস্থা করেছে, আমরা তার তীব্র নিন্দা করছি। স্বাধীনতা দিবসের আগের দিন রাজ্যের এক জন মহিলা সাংসদের উপরে এমন আক্রমণ হলে, সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায়?’ পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মহিলা সমিতি। একই সঙ্গে, স্বাধীনতা দিবসের দিন তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরীর প্রতি বিজেপির ‘আচরণ’কেও ধিক্কার জানিয়েছে বাম সংগঠনটি। জাহানারাদের বক্তব্য, ‘মহুয়া বা উপাসনার সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু মহিলাদের উপরে এমন আচরণ নিন্দাজনক।’ প্রসঙ্গত, জেলা প্রশাসন সাংসদের সঙ্গে যে আচরণ করেছে, তার নিন্দা জানিয়ে মহুয়াকে ফোন করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। পাশাপাশি, তৃণমূল আমলে বিধানসভার ভিতরে তৎকালীন সিপিএম বিধায়ক জাহানারা, দেবলীনা হেমব্রমও যে আক্রমণের মুখে পড়েছিলেন, সেই কথাও মনে করিয়ে দিয়েছে মহিলা সমিতি।